যৌন হয়রানির অভিযোগে বেরোবি’র ৩ শিক্ষকের পদাবনতি
রংপুর: যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তিন শিক্ষককে তাদের বর্তমান পদ থেকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে। পদাবনতি পাওয়া শিক্ষকেরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. […] The post যৌন হয়রানির অভিযোগে বেরোবি’র ৩ শিক্ষকের পদাবনতি first appeared on Sarabangla | Breaking New

রংপুর: যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তিন শিক্ষককে তাদের বর্তমান পদ থেকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে।
পদাবনতি পাওয়া শিক্ষকেরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, অধ্যাপক ড. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌন হয়রানির অভিযোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সিন্ডিকেটের সভায় এ পদাবনতির সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, গত বছরের ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক ড. রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে এসব স্ক্রিনশট প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে ওই স্ট্যাটাস ও স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।
এর আগে, গত বছরের ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। এদিকে, ২০২৫ সালের ২ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং যৌন নিপীড়ন সেলের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন। অন্যদিকে, ২০২৫ সালের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি লিখিত যৌন হয়রানির অভিযোগপত্র জমা দেন একই বিভাগের এক নারী শিক্ষার্থী।
এ ছাড়া ওই সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং আটজন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন- গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।
বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন।
একই সভায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নামকরণ ‘শেখ হাসিনা হলের’ নামের পরিবর্তে ‘বেগম খালেদা জিয়া হল’ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
The post যৌন হয়রানির অভিযোগে বেরোবি’র ৩ শিক্ষকের পদাবনতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





