বেসরকারি সাবমেরিন কেবল উন্মুক্তের দাবি

আইটিসি বন্ধ রেখে বিএসসিএলের সক্ষমতা পরীক্ষার চ্যালেঞ্জ

  • ২০৩০ সালের ৫৪ হাজার জিবিপিএস চাহিদা মেটাতে বেসরকারি সাবমেরিন কেবল উন্মুক্তের দাবি
  • বিএসসিএলের সক্ষমতা যাচাইয়ে দুই সপ্তাহ আইটিসি ব্যান্ডউইথ বন্ধের চ্যালেঞ্জ আমিনুল হাকিমের
  • ভারতনির্ভর ব্যান্ডউইথ কমিয়ে নিজস্ব আন্তর্জাতিক কানেক্টিভিটি বাড়ানোর তাগিদ

আইটিসি বন্ধ রেখে বিএসসিএলের সক্ষমতা পরীক্ষার চ্যালেঞ্জ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২১  
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৬  

২০৩০ সালের মধ্যে ৫৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইথের সম্ভাব্য চাহিদা মেটানো, নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন ও টেলিকম খাতে বেসরকারি অংশগ্রহণ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। একই সঙ্গে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনে দুই সপ্তাহ ভারত থেকে আমদানি করা আইটিসি ব্যান্ডউইথ বন্ধ রেখে সক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মেটাকোর সাব কমের সিইও আমিনুল হাকিম।

২১ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানীর স্কাইলাইন রেস্টুরেন্টে টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত কর্মশালা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

স্বাগত বক্তব্যে টিআরএনবি সভাপতি মাসুদুজ্জামান রবিন মানসম্মত ও সাশ্রয়ী ব্রডব্যান্ড নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। টিআরএনবির সাবেক সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে দুটি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন মেটাকোর প্রজেক্ট লিড মাহমুদ শাহেদ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ।

আলোচনায় নাগরিক প্রতিনিধি এএইচএম বজলুর রহমান সরকারের সদ্য ঘোষিত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার সপ্তম অধ্যায়ের উল্লেখ করে বলেন, “সরকারের স্পষ্ট অঙ্গীকার হলো দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ফাইভ-জি পৌঁছানো, ব্রডব্যান্ড সম্প্রসারণ, ইউনিভার্সাল ডিজিটাল আইডি, ইন্টার-অপারেবল পেমেন্ট সিস্টেম, এআই কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার এবং বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করা। কিন্তু মন্ত্রণালয় ও বিটিআরসির দীর্ঘ পরিকল্পনার খাতার বিপরীতে বাস্তবে এখনও দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ ইন্টারনেটের সুবিধার বাইরে রয়ে গেছে।”

তিনি বলেন, “সার্বভৌমত্ব মানে শুধু টিকে থাকা নয়, এর আসল অর্থ হলো নিজস্ব নেগোসিয়েটিং পাওয়ার ও পছন্দের বিকল্প বাড়ানো। একটি-দুটি লাইনের ওপর নির্ভর করলে চয়েস বা সার্বভৌমত্ব থাকে না। জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্র কিংবা চীন—উভয় প্রান্ত থেকেই প্রযুক্তি গ্রহণ করতে হবে। বিমানের মতো অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি না চাইলে টেলিকমে প্রাইভেটাইজেশন ছাড়া কোনো বিকল্প নেই।”

সিডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশিউর রহমান সরকারি ব্যবস্থার ধীরগতির সমালোচনা করে বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি। ফলে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। সরকারি বিনিয়োগ সুরক্ষার অজুহাতে বেসরকারি কোম্পানিকে আসতে না দিলে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং সাশ্রয়ী মূল্যে সেবা থেকে বঞ্চিত হবে।”

সাবমেরিন কেবলের সম্ভাব্য সংকটের কথা তুলে ধরে সরকারের সাবেক এই কর্মকর্তা বলেন, “২০০৫ সালে চালু হওয়া প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এর লাইফটাইম আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তৃতীয় কেবলটিও ভূ-রাজনৈতিক জটিলতায় আটকে আছে। বেসরকারি খাতকে সুযোগ না দিলে দেশে মাত্র দুটি কেবল ও একজন প্রোভাইডার অবশিষ্ট থাকবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলো বাংলাদেশে ডেটা সেন্টারে শতকোটি ডলার বিনিয়োগ করতে চায়। তারা দুটি জিনিস দেখে—নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং একাধিক প্রোভাইডারের মাধ্যমে শক্তিশালী আন্তর্জাতিক কানেক্টিভিটি। এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী ৫ বছরে এ খাতে অন্তত ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা সম্ভব।”

মেটাকোর সাব কমের সিইও আমিনুল হাকিম দেশের ডেটা ট্রাফিকের চিত্র তুলে ধরে বলেন, “মেটা, অ্যামাজন ক্লাউডসহ শীর্ষ ৫টি কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের (সিডিএন) দখলে রয়েছে দেশের ৮০ থেকে ৮৫ শতাংশ ডেটা ট্রাফিক। বাইটড্যান্স, মাইক্রোসফট বা অনলাইন গেমিং যুক্ত করলে দেশের মোট ট্রাফিকের ৯০ থেকে ৯৫ শতাংশই চলে যায় তা ৭-৮টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।”

বিএসসিএলের স্বয়ংসম্পূর্ণতার দাবির প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “বিএসসিএল যদি সত্যিই স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে, তবে প্রতি তিন মাস পর পর আইটিসির ব্যান্ডউইথ কেন বাড়াতে হচ্ছে? আগামী তিন মাস পর বা ২০২৭ সালের জুনে ভারত থেকে আমদানি কেন বাড়াতে হবে? প্রয়োজনে মাত্র দুই সপ্তাহের জন্য আইটিসির ব্যান্ডউইথ পুরোপুরি বন্ধ রাখা হোক, তাহলেই বোঝা যাবে বিএসসিএল কতটা স্বয়ংসম্পূর্ণ।”

আলোচনায় বক্তারা বলেন, ২০৩০ সালে দেশের ব্যান্ডউইথ চাহিদা প্রায় ৫৪ হাজার জিবিপিএসে পৌঁছাতে পারে। বর্তমানে ফিক্সড ব্রডব্যান্ডে প্রায় ৬০ থেকে ৬৫ লাখ সংযোগের মাধ্যমে দেড় কোটি মানুষ সেবা পাচ্ছেন। এর প্রায় ৯০ শতাংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বড় শহরে সীমাবদ্ধ। অথচ দেশে পরিবারের সংখ্যা প্রায় ৪ কোটি।

তাদের মতে, প্রতি ১ হাজার ব্রডব্যান্ড সংযোগের বিপরীতে প্রত্যন্ত অঞ্চলে অন্তত ১০ থেকে ১২ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। ফলে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সম্প্রসারণ করা গেলে নির্বাচনী ইস্তাহারে ঘোষিত ১০ লাখ কর্মসংস্থানের একটি বড় অংশ এই খাত থেকেই বাস্তবায়ন করা সম্ভব।

সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৬০ শতাংশ ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করা হচ্ছে। তাদের দাবি, ভারতীয় আইন অনুযায়ী ব্যান্ডউইথ রপ্তানির ক্ষেত্রে দেশটির নেটওয়ার্কে ‘ডিপ প্যাকেট ইন্সপেকশন’ (ডিপিআই) ডিভাইস বসানো বাধ্যতামূলক এবং এর নিয়ন্ত্রণ থাকে ভারতের আইন প্রয়োগকারী সংস্থার হাতে।

বক্তাদের মতে, নিজস্ব সরকারি বা বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন করা হলে আন্তর্জাতিক ট্রাফিকের তদারকি ও নিরাপত্তা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এ কারণে ডিজিটাল সার্বভৌমত্ব, বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার দাবি জানান তারা।
//ডিবিটেক/আইএইচ/এমআইএস/এসএমই//