স্ট্রিমিং সেবা নিয়ে ২০২৭ সালে আবার ফিরছে ‘উইনঅ্যাম্প’
নব্বইয়ের দশকে কম্পিউটারে এমপিথ্রি গান শোনার অত্যন্ত জনপ্রিয় মিউজিক প্লেয়ার ‘উইনঅ্যাম্প’ ২০২৭ সালে সম্পূর্ণ নতুনরূপে আন্তর্জাতিক মিউজিক স্ট্রিমিংয়ের বাজারে ফিরছে। ফরাসি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজার’-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিটি নতুন করে চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই চুক্তির আওতায় ডিজার তাদের লাইসেন্সকৃত গানের ক্যাটালগ ও স্ট্রিমিং অবকাঠামো সরবরাহ করবে, আর উইনঅ্যাম্প নিজস্ব ব্র্যান্ড নাম ও গ্রাহকসেবা পরিচালনা করবে। নতুন এই অ্যাপে ব্যবহারকারীদের ডিভাইসে থাকা লোকাল ফাইল, পডকাস্ট ও ইন্টারনেট রেডিওর পাশাপাশি মাসিক ফি পরিশোধের মাধ্যমে লাখ লাখ গান স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে।
চলতি ২০২৬ সালের প্রথম অর্ধে সাবস্ক্রাইবার ও রাজস্ব হ্রাসের পর ব্যবসা সম্প্রসারণে নতুন কৌশল হিসেবে ডিজার উইনঅ্যাম্পের সঙ্গে এই চুক্তি সই করে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে এখনো উইনঅ্যাম্পের মূল ডেস্কটপ সংস্করণের প্রায় চার কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এর আগে ২০১৮ সালেও উইনঅ্যাম্পকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও বাণিজ্যিক লাইসেন্সের জটিলতায় তা সফল হয়নি।
পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে গিটহাবে সফটওয়্যারটির সোর্স কোড উন্মুক্ত করা হলেও আইনি বিতর্ক ও অন্যান্য বড় প্রতিষ্ঠানের কোড ফাঁসের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই তা সরিয়ে নেওয়া হয়।
নতুন উইনঅ্যাম্প চালুর পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও এর সাবস্ক্রিপশন ফি বা অপারেটিং সিস্টেম সামঞ্জস্যতা নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে এতে থিম বা ইন্টারফেস কাস্টমাইজেশন, সামাজিক সংযোগের সুবিধা এবং সহজে গান খোঁজার অত্যাধুনিক প্রযুক্তি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
এওএল ও রেডিওনমির মতো মালিকানা প্রতিষ্ঠানের হাত ঘুরে দীর্ঘ তিন দশকের পথচলায় এটিই হতে যাচ্ছে উইনঅ্যাম্পের প্রথম প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





