তাইওয়ানে গুগলের নতুন এআই ইঞ্জিনিয়ারিং সেন্টার উদ্বোধন

তাইওয়ানে গুগলের নতুন এআই ইঞ্জিনিয়ারিং সেন্টার উদ্বোধন
২০ নভেম্বর, ২০২৫ ১২:৫৭  

অ্যালফাবেটের মালিকানাধীন প্রযুক্তি জায়ান্ট গুগল ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের বাইরে তাদের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টারটি তাইওয়ানে চালু করেছে। তাইপেতে উদ্বোধনী অনুষ্ঠানে তাইওয়ানের প্রেসিডেন্ট জানান, এই কেন্দ্র প্রতিষ্ঠা দ্বীপটিকে একটি বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে গুগলের আস্থার প্রতিফলন। খবর রয়টার্স।

বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি-র আবাস তাইওয়ান, যার চিপ এনভিডিয়াসহ শীর্ষ প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক এআই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যবহার করছে। 

গুগল ক্লাউডের প্ল্যাটফর্মস ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট আমের মাহমুদ বলেন, তাইপেতে তৈরি ও পরীক্ষিত প্রযুক্তি বিশ্বজুড়ে গুগলের ডেটা সেন্টারে ব্যবহৃত হয়, যা প্রতিদিন কোটি মানুষের ব্যবহৃত গুগল ডিভাইসগুলোকে শক্তি জোগায়। তিনি আরও বলেন, এটি শুধু একটি অফিস নয়, বরং একটি সম্পূর্ণ এআই উদ্ভাবন ইকোসিস্টেমে বিনিয়োগ।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে জানান, এই উদ্যোগ গুগলের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং তাইওয়ানকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই নির্মাণের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে। এদিকে, তাইওয়ান সরকার বহুবার চীনা এআই সিস্টেম—বিশেষ করে ডিপসিক—ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে, যদিও চীন এসব উদ্বেগ অস্বীকার করে।

তাইপেতে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন বলেন, এই কেন্দ্র প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্র–তাইওয়ান প্রযুক্তি সম্পর্ককে আরও শক্তিশালী করে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন যুগের সূচনা নির্দেশ করে।

ডিবিটেক/বিএমটি