ক্রিপ্টো খাত থেকেই ট্রাম্পের বড় আয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ অর্থবছরে ক্রিপ্টো, গল্ফ ক্লাব, লাইসেন্সিং ও অন্যান্য খাত থেকে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন। সদ্য প্রকাশিত বার্ষিক আর্থিক প্রকাশনায় তার সম্পদের পরিমাণ কমপক্ষে ১.৬ বিলিয়ন ডলার বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নেতৃত্বাধীন একটি মিম কয়েন প্রকল্প থেকে প্রায় ৩২০ মিলিয়ন ডলার আয় হয়েছে। এ ছাড়া, ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামক ডিফাই প্রতিষ্ঠানের টোকেন বিক্রি থেকে ট্রাম্পের আয় হয়েছে ৫৭.৩৫ মিলিয়ন ডলার। তিনি ওই প্রকল্পে প্রায় ১৫.৭৫ বিলিয়ন গভর্নেন্স টোকেনের মালিক।
ফ্লোরিডার মার-আ-লাগোসহ তার বিভিন্ন গল্ফ ক্লাব থেকে এসেছে ২১৭.৭ মিলিয়ন ডলারের বেশি। ব্যবসা পরিচালনার দায়িত্ব সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনো ট্রাম্প নিজেই।
এ বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনও মন্তব্য আসেনি।
ডিবিটেক/বিএমটি



