আন্তর্জাতিক অণুজীব দিবস ঘিরে মাসব্যাপী নানা আয়োজন

যবিপ্রবিতে অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

  • আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ ও অলিম্পিয়াডের ফাইনাল আয়োজন করেছে যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগ
  • সেপ্টেম্বরের শুরু থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে ৮০ জন খুদে শিক্ষার্থী এতে অংশ নেয়
  • অণুজীববিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে উদ্যোগটিকে সময়োপযোগী হিসেবে প্রশংসা করেছেন উপ-উপাচার্য

যবিপ্রবিতে অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৪  
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫১  

আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ এবং স্থানীয় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর ‘অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স’ সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার দিনটি উদ্যাপিত হয়।

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা জাতীয় কবি কাজী নজরুল অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল অ্যাকাডেমিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং অণুজীববিজ্ঞান বিভাগের বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। এরপর অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে তিনি অলিম্পিয়াড ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত যশোরের বিভিন্ন স্কুল ও কলেজের ৮০ জন শিক্ষার্থী ফাইনাল পর্বে অংশগ্রহণ করে।

উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান আয়োজনটির ভূয়সী প্রশংসা করে বলেন, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীববিজ্ঞান সম্পর্কে সচেতন করা এবং তাদের অলিম্পিয়াডে সম্পৃক্ত করা অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ। এই উদ্যোগ অণুজীব ও অণুজীববিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণ ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ধারণার জন্ম দেবে, যা তাদের ভবিষ্যতে এ বিষয়ে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সাথে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, বিএমবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার এবং আয়োজনের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলাম। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান ও ইংরেজি বিভাগের সভাপতি ড. ফরজানা নাসরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এনএইচজে/এসএমই/এমআইএস//