অনলাইনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৫২১ জন
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৭০ শতাংশ প্রার্থী পাস করেছেন। ৪ জুন (বুধবার) বিকাল ৫টা ১০ মিনিটে এনসিটিবি’র ওয়েসাইটি এ ফল প্রকাশিত হয়। ফলাফল জানতে পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক অথবা সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে জানতে পারবেন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই ‘অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩’ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছেন।





