আয়ের সুবিধাসহ শর্ট ভিডিও অ্যাপ আনলো রোবলক্স
রোবলক্স তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ “রোবলক্স মোমেন্টস” এবং ক্রিয়েটরদের জন্য বাড়তি আয়ের ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।
টিকটকের ধাঁচের এই অ্যাপটি বর্তমানে বেটা পর্যায়ে আছে, যেখানে ব্যবহারকারীরা গেমপ্লে রেকর্ড, সম্পাদনা ও শেয়ার করতে পারবেন।
কোম্পানির প্রত্যাশা, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যেসব বিলিয়ন ভিউ পাচ্ছে, সেগুলো এবার নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হবে। বর্তমানে রোবলক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ১১১.৮ মিলিয়ন।
রোবলক্স কয়েক বছর ধরে কেবল গেম নয়, বরং ই-কমার্স, সামাজিক যোগাযোগ ও বিজ্ঞাপনকেন্দ্রিক এক সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলছে। এ বছরই প্রতিষ্ঠানটি নতুন বিজ্ঞাপন ফরম্যাট চালু করেছে এবং গুগলের সঙ্গে অংশীদারিত্ব করেছে বিজ্ঞাপন খাত শক্তিশালী করতে।
সম্মেলনে সিইও ডেভিড বাজুকি জানান, ক্রিয়েটরদের আয়ে ৮.৫% বৃদ্ধি করা হবে, যাতে তারা অর্জিত রোবাক্স বাস্তব অর্থে রূপান্তর করলে আরও বেশি উপার্জন করতে পারেন।
উল্লেখ্য, গত এক বছরে ক্রিয়েটররা রোবলক্স থেকে এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন এবং শতাধিক গেম বছরে এক মিলিয়ন ডলারের বেশি আয় করছে।
ডিবিটেক/বিএমটি







