৪ কোটির মাইলফলকে সাইবারপাংক ২০৭৭

৪ কোটির মাইলফলকে সাইবারপাংক ২০৭৭
৫ জুলাই, ২০২৬ ১৬:৫৩  

পোলিশ গেম নির্মাতা প্রতিষ্ঠান সিডি প্রজেক্ট রেড নিশ্চিত করেছে যে, তাদের বহুল আলোচিত অ্যাকশন রোল-প্লেয়িং গেম ‘সাইবারপাংক ২০৭৭’ বিশ্বব্যাপী ৪০ মিলিয়ন বা ৪ কোটি কপি বিক্রির এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে। গত ৩ জুলাই প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মূল গেমের একক সংস্করণ এবং ‘আলটিমেট এডিশন’ বান্ডেল (যার মধ্যে ২০২৩ সালের ফ্যান্টম লিবার্টি এক্সপ্যানশনও অন্তর্ভুক্ত রয়েছে)—সব মিলিয়ে এই হিসাব করা হয়েছে।  

২০২০ সালের ডিসেম্বরে মুক্তির সময় গেমটি প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান কনসোলে অতিরিক্ত বাগ, কারিগরি ত্রুটি এবং দুর্বল পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, সনি তাদের প্লেস্টেশন স্টোর থেকে সাময়িকভাবে গেমটি সরিয়ে নিতে বাধ্য হয়েছিল এবং গেমারদের টাকা ফেরত দিয়েছিল। গেমারদের সেই ক্ষোভ ও হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে সিডি প্রজেক্ট রেড হাল ছাড়েনি। 

গত সাড়ে পাঁচ বছরে নিয়মিত বড় বড় আপডেট, গেমের মূল মেকানিক্সে আমূল পরিবর্তন (যেমন ২.০ আপডেট) এবং ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রশংসিত স্টোরি এক্সপ্যানশন ‘ফ্যান্টম লিবার্টি’র (যা ইতিমধ্যে ১০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে) কল্যাণে গেমটি ভিডিও গেম ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প বা ‘রিডেম্পশন আর্ক’ তৈরি করেছে।  

সিডি প্রজেক্ট রেড-এর যৌথ প্রধান নির্বাহী মিশাল নোয়াকোওস্কি এক বিবৃতিতে গেমারদের ধন্যবাদ জানিয়ে বলেন, "৪০ মিলিয়ন বিক্রি সাইবারপাংক ২০৭৭-এর দীর্ঘস্থায়ী শক্তি প্রমাণ করে। এটি সিডি প্রজেক্টের উচ্চ-মানের ও আকর্ষণীয় গল্প তৈরির দক্ষতার এক দারুণ নিদর্শন, যা বছরের পর বছর খেলোয়াড়দের এই জগতে ধরে রেখেছে। এই মহাবিশ্বে আমাদের আগামী প্রজেক্টগুলোর জন্য এটি একটি চমৎকার ভিত্তি।"  

বর্তমানে সাইবারপাংক ২০৭৭ গেমটি পিসি, প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস, সুইচ ২ এবং ম্যাক প্ল্যাটফর্মে খেলা যাচ্ছে। সিডি প্রজেক্ট রেড বর্তমানে এই সিরিজের পরবর্তী কিস্তি বা ‘সাইবারপাংক ২’ (কোডনেম: প্রজেক্ট ওরিয়ন)-এর কাজ শুরু করেছে, যা আনুমানিক ২০৩০ সালের শেষ নাগাদ ৪১৬ মিলিয়ন ডলারের বিশাল বাজেট নিয়ে মুক্তি পেতে পারে। পাশাপাশি স্টুডিওটি তাদের বিখ্যাত অন্য ফ্র্যাঞ্চাইজি ‘দ্য উইচার ৪’ এবং উইচার-১ এর রিমেক সংস্করণের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছে।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: গ্যাজেট৩৬০