বিএনপি সরকারের প্রথম সচিব সভায় প্রশাসনিক গতিশীলতার তাগিদ

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও সৌরবিদ্যুতে জোর

  • বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় প্রথম সচিব সভা অনুষ্ঠিত
  • সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিত, শূন্যপদ পূরণ ও দুর্নীতি প্রতিরোধের নির্দেশনা
  • বৈশ্বিক অস্থিরতায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বিশেষ উদ্যোগ

প্রথম সচিব সভায়  ডিজিটাল হাজিরা ও  সৌরবিদ্যুতে জোর
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৯  

প্রায় দুই বছর পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হলো সরকারের প্রশাসনিক কার্যক্রমের শীর্ষ সমন্বয় প্ল্যাটফর্ম ‘সচিব সভা’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এই সভায় সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ডিজিটাল হাজিরা’ চালু, শূন্যপদ পূরণ এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে প্রকাশ, সভায় দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে এ সংকটের চাপ কমাতে আমদানিনির্ভর জ্বালানির ওপর ভরসা কমিয়ে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপ্তি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিতে অতিদ্রুত ডিজিটাল হাজিরা চালু এবং মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প, যেমন— ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের ব্যবহার ও উপকারভোগী নির্বাচনে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে সচিবদের নির্দেশনা দেওয়া হয়। 

সভায় অংশ নেওয়া একজন উর্ধ্বতন সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইরান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে যেন বড় চাপ না পড়ে, সেজন্য আমদানিনির্ভর জ্বালানির বদলে সৌরবিদ্যুতের ব্যাপ্তি বাড়ানোর ওপর আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। একই সাথে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির অর্থ ব্যয় এবং উপকারভোগী নির্বাচনে পূর্ণ স্বচ্ছতা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত চার দফা এজেন্ডাভিত্তিক এই সভায় সরকারি চাকরির শূন্য পদ পূরণ, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ অনুমোদন ও বাস্তবায়ন এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়।
 //ডিবিটেক/ডিপিও/এসএমই/এমআইএসটি//