ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়

ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়
১১ জানুয়ারি, ২০২৬ ১৭:২০  

দেশীয় ইন্টারনেট ঠিকানা (কান্ট্রি ডোমেইন) ব্যবহারে উৎসাহিত করতে ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।  ডট বিডি ডোমেইন সেবার জনপ্রিয় দুটি শ্রেণিতে এই মূল্য ল্যছাড় দেয়ার কথা জানিয়েছে বিটিসিএলের জনসংযোগ দফতর। 

১১ জানুয়ারি (রবিবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়, এই মূল্যছাড় কার্যক্রমের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ঠিকানা ব্যবহারের হার বাড়বে এবং দেশের ডিজিটাল কাঠামো আরও শক্তিশালী হবে। ডট বিডি ডোমেইন ব্যবহারের ক্ষেত্রে ডট কমের তুলনায় ডটবিডি স্থানীয় বাজারে পেশাদার ভাবমর্যাদা ও দেশভিত্তিক অনুসন্ধান ফলাফলে ভালো অবস্থান পাওয়ার সম্ভাবনা বাড়ে। দেশীয় নিবন্ধন নীতির কারণে এ সেবাকে তুলনামূলকভাবে নিরাপদও বলা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডট বিডি তৃতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং মেয়াদ নবায়ন ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, ডট বিডি দ্বিতীয় স্তরের ঠিকানার নতুন নিবন্ধন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং মেয়াদ নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

বিটিসিএল জানিয়েছে, নির্ধারিত হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করতে হবে। বিটিসিএল কর্তৃপক্ষের গৃহীত শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং এ মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/এমইউএম