পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

রূপপুরে সেনাসদস্য সজীবের লাশ উদ্ধার

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সেনা সদস্য সজীব মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
  • পাকশী পেপার মিল এলাকার সেনা ব্যারাকের কোয়ার্টার থেকে সিলিং ফ্যানে গলায় ফাঁস অবস্থায় লাশটি পাওয়া যায়।
  • পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে।

রূপপুরে সেনাসদস্য সজীবের লাশ উদ্ধার
২৩ আগষ্ট, ২০২৬ ০৭:৩৮  

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সজীব মোল্লা (২৭) নামে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারে নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সজীব মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮-৯ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ডিউটি শেষ করে সজীব নিজ কোয়ার্টারে ফিরে ঘরের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সাথে গামছা ও রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন। ঘটনাটি জানাজানি হলে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহত সেনা সদস্যের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে মরদেহটি মৃত্যু সার্টিফিকেট ও ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার মূল কারণ ও ঘটনার বিশদ বিবরণ পেতে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
//ডিবিটেক/জেএনও/এমআইএস//