বাংলাদেশে অফ-রোড অ্যাডভেঞ্চার সেগমেন্টে হিরো মোটোকর্পের দুই নতুন বাইক
হিরোর এক্সপালস ২০০ ৪ভি উন্মোচিত
- বাংলাদেশে ১২ বছরের যাত্রায় হিরো মোটোকর্প আনল এক্সপালস ২০০ ৪ভি এবং ৪ভি প্রো।
- প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে নতুন দুই অ্যাডভেঞ্চার মোটরসাইকেল উন্মোচিত হয়।
- ১৯৯.৬ সিসির ৪-ভালভ ইঞ্জিনের বাইক দুটির দাম রাখা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ও ৩ লাখ ৬৫ হাজার টাকা।
বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প বাংলাদেশে তাদের অন-রোড ও অফ-রোড অ্যাডভেঞ্চার সেগমেন্ট সম্প্রসারণের লক্ষ্যে ‘এক্সপালস ২০০ ৪ভি’ এবং ‘এক্সপালস ২০০ ৪ভি প্রো’ মোটরসাইকেল বাজারে এনেছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রার মাইলফলক হিসেবে ২১ আগস্ট, শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাইকগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
উন্মোচনী অনুষ্ঠানে হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিতালে বলেন, "বাংলাদেশ শুধু একটি গুরুত্বপূর্ণ বাজার নয়; এটি আমাদের বৈশ্বিক পরিচয় ও উৎপাদন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। নিলয় মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বমানের স্থানীয় ইকোসিস্টেম গড়ে তুলে আমরা দেশের অ্যাডভেঞ্চার রাইডিং সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে চাই।"
নতুন দুটি মডেলেই রয়েছে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন, যা ১৮.৯ বিএইচপি পাওয়ার ও ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। প্রযুক্তিগত ফিচারের মধ্যে রয়েছে রোড, অফ-রোড ও র্যালি—এই তিন ধরনের এবিএস মোড, টার্ন-বাই-টার্ন নেভিগেশনসহ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি ও এলইডি প্রজেক্টর হেডল্যাম্প।
দৈনন্দিন যাতায়াত ও হালকা ট্রেইল রাইডিংয়ের উপযোগী এক্সপালস ২০০ ৪ভি মেটালিক নেক্সাস ব্লু হোয়াইট রঙে পাওয়া যাবে। অন্যদিকে, প্রো অ্যাডজাস্টেবল সাসপেনশন ও ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমৃদ্ধ এক্সপালস ২০০ ৪ভি প্রো পাওয়া যাবে পার্ল ফেডলেস হোয়াইট রঙে।
নিলয় মোটরস লিমিটেডের মাধ্যমে দেশজুড়ে ৫৩০টির বেশি অনুমোদিত আউটলেট থেকে বাইকগুলো কেনা যাবে। মোটরসাইকেল দুটিতে ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা দেওয়া হচ্ছে। বাজারে এক্সপালস ২০০ ৪ভি-র দাম ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো-র দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
//ডিবিটেক/ কেআইপি/এমআইএস//





