গুগলের ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’-এ আমন্ত্রিত বাংলাদেশি দম্পতি পাভেল ও সুমাইয়া

গুগলের ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’-এ আমন্ত্রিত বাংলাদেশি দম্পতি পাভেল ও সুমাইয়া
২১ জুলাই, ২০২৬ ১৯:৪৭  

গুগল লোকাল গাইডসের উদ্যোগে আগামী ২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ম্যাপস কমিউনিটির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ৬৫ জন অভিজ্ঞ গুগল ম্যাপস কন্ট্রিবিউটর ও গুগলার এই আয়োজনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী, যারা পৃথকভাবে আমন্ত্রণ পেয়েছেন।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের জন্য তাদের যাতায়াত, আবাসন, খাবার, ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব ব্যয় বহন করছে গুগল।

‘কানেক্ট লাইভ’ গুগল ম্যাপস ও লোকাল গাইডস কমিউনিটির একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এতে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের নতুন ফিচার, প্রযুক্তিগত হালনাগাদ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার পাশাপাশি গুগল টিম এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

গুগল লোকাল গাইডস হলো গুগল পরিচালিত একটি বৈশ্বিক স্বেচ্ছাসেবী কমিউনিটি, যেখানে সদস্যরা নতুন স্থান যুক্ত করা, বিদ্যমান তথ্য সংশোধন, রিভিউ লেখা এবং ছবি ও ভিডিও সংযোজনের মাধ্যমে গুগল ম্যাপসকে আরও তথ্যসমৃদ্ধ ও কার্যকর করে তুলতে অবদান রাখেন।

দীর্ঘদিন ধরে এই কমিউনিটির সঙ্গে যুক্ত পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরীর রয়েছে উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি।

২০১৭ সালে পাভেল সারওয়ার গুগলের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট ২০১৭-এ অংশ নেন। পরবর্তীতে গুগল লোকাল গাইডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়। ২০২১ সালে তিনি ‘গাইডিং স্টার অ্যাওয়ার্ড’-এর কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন। এছাড়া ২০২৫ সালে তিনি ‘কানেক্ট লাইভ টোকিও’-তেও অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে ‘হেল্পফুল হিরো’ ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি গুগল লোকাল গাইডস কানেক্টের মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট ও কানেক্ট লাইভে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। এছাড়া ২০২৩ সালে টোকিওতে অনুষ্ঠিত কানেক্ট মডারেটর কনভারসেশন এবং ২০২৫ সালের কানেক্ট লাইভ টোকিও-তেও অংশগ্রহণ করেন।

গুগল লোকাল গাইডস বিভিন্ন সময়ে এই বাংলাদেশি দম্পতিকে নিয়ে একাধিক আন্তর্জাতিক ফিচার প্রকাশ করেছে। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুমাইয়াকে ‘ইনস্পায়ারিং উইমেন’ হিসেবে তুলে ধরা হয়। ২০১৮ সালের ভালোবাসা দিবসে ‘Meet the Couple That Guides Together’ শিরোনামে তাদের নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করা হয়। পরবর্তী সময়েও ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে তাদের কার্যক্রম বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত পাভেল সারওয়ার একজন তথ্যপ্রযুক্তি ও ফিনটেক পেশাজীবী, গুগল সার্টিফায়েড এডুকেটর এবং প্রশিক্ষক। সুমাইয়া জাফরিন চৌধুরী একজন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক পেশাজীবী এবং বর্তমানে মালয়েশিয়ায় লার্নিং ডিজঅ্যাবিলিটি বিষয়ে গবেষণা করছেন।

গুগল ম্যাপস কমিউনিটিতে অবদানের পাশাপাশি তারা মালয়েশিয়ায় গুগল এডুকেটর গ্রুপ সেরেম্বান-এর নেতৃত্ব দিচ্ছেন। প্রযুক্তি, শিক্ষা, তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে কাজের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ায় বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছেন। তাদের প্রতিষ্ঠিত সংগঠনের মধ্যে রয়েছে মালয়েশিয়াভিত্তিক ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ এবং বাংলাদেশভিত্তিক ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন।

বিশ্লেষকদের মতে, ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’-এ পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরীর অংশগ্রহণ আন্তর্জাতিক গুগল ম্যাপস ও লোকাল গাইডস কমিউনিটিতে বাংলাদেশিদের ধারাবাহিক ও সক্রিয় অবদানের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। 
//ডিবিটেক/পিএসপি/এসএমই//