বাকৃবির গবেষণা ও প্রশাসনে নতুন নেতৃত্ব

  • • বাকৃবির কেন্দ্রীয় ল্যাব ও বাউরেসে নতুন পরিচালক
  • • ছাত্রবিষয়ক উপদেষ্টা পদে এলেন ড. রফিকুল ইসলাম
  • • আইকিউএসি ও গবেষণার শীর্ষ পদে রদবদল সম্পন্ন

বাকৃবির গবেষণা ও প্রশাসনে নতুন নেতৃত্ব
২০ আগষ্ট, ২০২৬ ২৩:০২  

কৃষিবিজ্ঞান শিক্ষা, উন্নত বৈজ্ঞানিক গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গবেষণাগার, বাউরেসসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি এবং কোয়ালিটি অ্যাসুরেন্স সেলেও এসেছে নতুন নেতৃত্ব। ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশাসনিক আদেশ অনুযায়ী, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।

প্রকৌশল ও বৈজ্ঞানিক গবেষণাগার ব্যবস্থাপনায় প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। তিনি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর এবং শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরির সুপার হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে অধ্যাপক ড. মো. শাহেদ রেজার স্থলাভিষিক্ত হয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন। সহকারী প্রক্টর পদে দায়িত্ব পেয়েছেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান ও কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা। তারা যথাক্রমে অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ চারজন সহকারী প্রক্টরকে স্বপদে বহাল রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেন, শিক্ষকতার মূল ব্রতের পাশাপাশি তাঁদের ওপর এই অতিরিক্ত দায়িত্বগুলো অর্পিত হয়েছে। পূর্বে যারা দায়িত্বে ছিলেন তারা দক্ষতার সঙ্গে কাজ করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও বৈজ্ঞানিক গবেষণা ও প্রশাসনে সমান অভিজ্ঞ।
//ডিবিটেক/বাওএইচ/এমএসআই//