১ লাখ ৫০ হাজার টন চাল আমদানির সরকারি চিঠির স্মারক নম্বরটি বানোয়াট
খাদ্য অধিদপ্তরের চাল আমদানির আদেশটি ভুয়া: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভারত থেকে দেড় লাখ টন চাল আমদানির একটি সরকারি ক্রয় আদেশকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে স্পষ্ট করেছে খাদ্য মন্ত্রণালয়। ২৩ জুন, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জনমনকে এই অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে ভারত থেকে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি ভুয়া ক্রয় আদেশ বা জিও (GO) প্রচার করা হচ্ছে। এই ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
২৩ জুন, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে খাদ্য অধিদপ্তরের নামে ১৬ জুন জারিকৃত ‘DGFOOD/IMP/RICE-IND/2026/1402’ স্মারক নম্বরযুক্ত একটি তথাকথিত সরকারি ক্রয় আদেশ দেখা যাচ্ছে। এতে ভারত থেকে ১ লাখ ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির তথ্য উল্লেখ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়েছে, এ ধরনের কোনো ক্রয় আদেশ মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তর থেকে জারি করা হয়নি। প্রচারিত নথিতে ব্যবহৃত স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি দাপ্তরিক নথির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া সরকারি ক্রয় আদেশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই সবাইকে এই অপতথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত বা ক্রয় কার্যক্রম জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
//ডিবিটেক/পিআর/ইকে//





