সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশায় জরিমানা ও নিষেধাজ্ঞা
- সৌরবিদ্যুৎ ব্যতীত ই-রিকশা চার্জ দিলে জরিমানা ও নিবন্ধন বাতিল
- ঢাকায় ৮ জোন ভাগ ও নিয়ন্ত্রণ করবে জিও-ফেন্সিং প্রযুক্তি
- দ্রুত কার্যকর হবে কিউআর কোডসহ নতুন জাতীয় বিধিমালা
লোকাল গ্রিডের ওপর চাপ কমাতে এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সৌরবিদ্যুৎ নির্ভর চার্জিং ও জিও-ফেন্সিং (Geo-fencing) প্রযুক্তির শর্ত যুক্ত করে ব্যাটারিচালিত ই-রিকশার জন্য নতুন জাতীয় বিধিমালা তৈরি করছে সরকার।
১৭ আগস্ট (সোমবার) ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার পাশাপাশি নতুন নিবন্ধন ও নবায়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন বিভাগের আওতাধীন সংস্থাগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, বিআরটিএ-র (BRTA) পরিবর্তে এখন থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং সব উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন দেওয়া হবে। জাতীয় সংসদে পাস হওয়া আইনের আলোকে তৈরি বিধিমালায় এসব শর্ত ও জরিমানার বিধান চূড়ান্ত করা হচ্ছে।
ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ঢাকা শহরকে ৮টি জোনে (উত্তরে ৪টি ও দক্ষিণে ৪টি) ভাগ করা হচ্ছে। প্রতিটি জোনের ই-রিকশার জন্য নির্দিষ্ট রং থাকবে এবং এক জোনের যান যেন অন্য জোনে প্রবেশ করতে না পারে, সেজন্য জিও-ফেন্সিং (Geo-fencing) প্রযুক্তি ব্যবহার করবে ট্রাফিক পুলিশ। এছাড়া প্রতিটি নিবন্ধিত যানে থাকবে বিশেষ কিউআর (QR) কোড।
বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ এবং সিটি করপোরেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে বিধিমালার প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই সারাদেশে এ নির্দেশ কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী।
//ডিবিটেক/এমআইএস/এসএমই//





