১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ; বাংলাদেশে দৃশ্যমান নয়

  • আগামী ১২ আগস্ট (বুধবার) রাতে ঘটবে এ বছরের বহুল প্রতীক্ষিত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
  • ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ; বাংলাদেশে দৃশ্যমান নয়
    ১০ আগষ্ট, ২০২৬ ২০:২৮  

    ঢাকা, ১০ আগস্ট, ২০২৬: আগামী ১২ আগস্ট (বুধবার) আকাশে দৃশ্যমান হতে যাচ্ছে বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এ সময় বাংলাদেশে রাত থাকবে বলে দেশের কোনো অঞ্চল থেকেই এই মহাজাগতিক ঘটনাটি দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সোমবার (১০ আগস্ট) আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময়সূচি ও বিস্তারিত তথ্য প্রকাশ করে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ১১টা ৫ মিনিটে এবং ১৩ আগস্ট রাত ১২টা ৪৮ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর কেন্দ্রীয় গ্রহণ ও পূর্ণ গ্রহণের সমাপ্তি ঘটবে।

    যেসকল অঞ্চল থেকে দৃশ্যমান হবে

    পূর্ণ সূর্যগ্রহণের মূল পথ বা ‘পাথ অব টোটালিটি’ (Path of Totality) উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও উত্তর আটলান্টিক পেরিয়ে স্পেন ও পর্তুগালের একাংশ পর্যন্ত বিস্তৃত থাকবে।

    • পূর্ণগ্রাস দৃশ্যমান হবে: আইসল্যান্ডের পশ্চিম উপকূল, উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড এবং স্পেনের লিওন, জারাগোজা ও ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো থেকে। স্পেনের লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে শুরু হয়ে এটি প্রায় দুই মিনিট স্থায়ী হবে।

    • আংশিক গ্রহণ দৃশ্যমান হবে: উত্তর আমেরিকার আলাস্কা ও কানাডা, যুক্তরাজ্যের লন্ডন (৯১%), ফ্রান্সের প্যারিস (৯২%), জার্মানির বার্লিন (৮৫%) এবং উত্তর-পশ্চিম আফ্রিকার আলজিয়ার্স (৯৬%) ও কাসাব্লাঙ্কা (৮৭%) অঞ্চল থেকে।

    নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা

    মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সতর্ক করে জানিয়েছে, পূর্ণগ্রাসের কয়েক মুহূর্ত ছাড়া সরাসরি খালি চোখে সূর্যের দিকে তাকানো মারাত্মক ক্ষতিকর হতে পারে। আংশিক সূর্যগ্রহণ দেখার জন্য অবশ্যই বিশেষ প্রমানিত ‘ISO 12312-2’ ফিল্টারযুক্ত সোলার গ্লাস বা চশমা ব্যবহার করতে হবে।

    //ডিবিটেক/ডিটিও/এমএসআই//