পেনড্রাইভ কি হারিয়ে যাবে?

পেনড্রাইভ কি হারিয়ে যাবে?
৯ আগষ্ট, ২০২৬ ১৭:৫৭  

দুই দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত তথ্য সংরক্ষণের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভ। ফ্লপি ডিস্ককে সরিয়ে বাজারে আসার পর থেকে সাধারণ ব্যবহারকারীদের কাছে তথ্য আদান-প্রদানের জন্য এটি ছিল অত্যন্ত নির্ভরযোগ্য মাধ্যম। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফোর-কে মানের ভিডিও, বড় মাপের ফাইল ও উচ্চগতির ডেটা স্থানান্তরের চাহিদা বাড়ায় পেনড্রাইভের ব্যবহার কিছুটা কমে আসে। অনেকেই ধারণা করছিলেন, পেনড্রাইভের দিন বোধহয় শেষ হতে চলেছে। কিন্তু বর্তমান প্রযুক্তি বাজারের নতুন পরিস্থিতির কারণে ছোট এই যন্ত্রটি আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে।

এসএসডি ও পেনড্রাইভের তুলনা
গতি ও ধারণক্ষমতার দিক থেকে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ অনেক এগিয়ে। সাধারণ পেনড্রাইভের ধারণক্ষমতা সাধারণত ১২৮ গিগাবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এসএসডি এক টেরাবাইট বা তারচেয়েও বেশি ডেটা ধারণ করতে পারে। গতি বেশি হওয়ায় পেশাদার তথ্যপ্রযুক্তিবিদ ও কনটেন্ট নির্মাতারা ইদানীং এসএসডির দিকেই বেশি ঝুঁকছিলেন। তা ছাড়া দীর্ঘস্থায়িত্ব এবং নতুন ল্যাপটপে টাইপ-সি পোর্টের সহজ ব্যবহারের কারণে এসএসডি ব্যবহারের প্রবণতা বাড়ছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বাড়ল দাম
পেনড্রাইভের অপ্রাসঙ্গিক হয়ে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আকস্মিক প্রসারের কারণে থমকে গেছে। ডেটা সেন্টারে মেমোরি ও স্টোরেজের চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে এসএসডির দাম অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। সংগৃহীত তথ্যে দেখা যায়, সাম্প্রতিক সময়ে চার টেরাবাইটের একটি ভালো মানের এসএসডির দাম তিন গুণেরও বেশি বেড়েছে। এর বিপরীতে পেনড্রাইভের দাম তুলনামূলক অনেক কম ও স্থিতিশীল রয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারী, যাঁদের শুধু কিছু দাপ্তরিক কাগজপত্র বা প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করতে হয়, তাঁদের কাছে পেনড্রাইভ আবারও সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, ইন্টারনেটে পেনড্রাইভ খোঁজার হার সম্প্রতি অনেকটাই বেড়েছে।

বিশেষ প্রয়োজনে এখনও বিকল্পহীন
পেনড্রাইভ শুধু কম খরচের জন্যই টিকে নেই, এর বেশ কিছু বিশেষ ব্যবহারও রয়েছে। নতুন কোনো কম্পিউটারে উইন্ডোজ বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বুটেবল ড্রাইভ তৈরিতে পেনড্রাইভের বিকল্প নেই। এ ছাড়া কম্পিউটার মেরামতের টুলস রাখা কিংবা চাবির রিংয়ে ঝুলিয়ে অনায়াসে বহন করার সুবিধায় পেনড্রাইভ এখনও ব্যবহারকারীদের প্রিয় পছন্দ। তাই এসএসডির দ্রুতগতির যুগেও পেনড্রাইভ বাজার থেকে এখনই হারিয়ে যাচ্ছে না।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট