এআইয়ের জন্য ক্লাউডফ্লেয়ারের নতুন ব্রাউজার ‘কাইটসার্ফ’

এআইয়ের জন্য ক্লাউডফ্লেয়ারের নতুন ব্রাউজার ‘কাইটসার্ফ’
৯ আগষ্ট, ২০২৬ ১৩:৫৬  
৯ আগষ্ট, ২০২৬ ১২:৫৬  

প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু আর মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং মানুষের হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার এক দারুণ হাতিয়ারে পরিণত হচ্ছে। মানুষের মতো করে ইন্টারনেটে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারের জন্য এআই এজেন্টদেরও এখন একটি শক্তিশালী ব্রাউজার প্রয়োজন। আর এই শূন্যস্থান পূরণ করতেই বিশ্বখ্যাত ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার নিয়ে এসেছে এআই এজেন্টদের জন্য তৈরি বিশেষ ব্রাউজার ‘কাইটসার্ফ’। 

মানুষের জন্য নয়, এআইয়ের জন্য
সাধারণত আমরা যেসব ব্রাউজার ব্যবহার করি, সেগুলোতে থিম, ট্যাব বা নানা রকম এক্সটেনশন থাকে। কিন্তু একটি এআই এজেন্টের এসব বাহ্যিক চাকচিক্যের কোনো প্রয়োজন নেই। 

ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তাদের এই নতুন ব্রাউজারটি মূলত কন্টেক্সট উইন্ডো ব্যবস্থাপনা, কার্যক্ষমতা বাড়ানো এবং টোকেনের খরচ কমানোর দিকে নজর দিয়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি এটি প্রম্পট ইনজেকশন আক্রমণের মতো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতেও সক্ষম। কাইটসার্ফ ব্যবহার করে সফটওয়্যার নির্মাতারা এখন সহজেই এমন সব এআই তৈরি করতে পারবেন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রবেশ করা, ফর্ম পূরণ করাসহ ব্রাউজারভিত্তিক নানা কাজ করতে পারবে।

ক্রোমিয়ামের চেয়ে সাশ্রয়ী ও কার্যকর
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ক্লাউডফ্লেয়ার মাত্র ১২ সপ্তাহের মধ্যে এই ব্রাউজারটি তৈরি করেছে এবং এটি তাদের সার্ভারবিহীন প্ল্যাটফর্ম ‘ওয়ার্কার্স’-এর ওপর ভিত্তি করে চলে। স্ক্রিনশট নেওয়া কিংবা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের মতো কাজে জনপ্রিয় ব্রাউজার ইঞ্জিন ক্রোমিয়ামের তুলনায় কাইটসার্ফ অনেক কম সিপিইউ ও মেমোরি ব্যবহার করে। একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, এটি ক্রোমিয়ামের চেয়ে প্রায় তিন থেকে সাত গুণ কম মেমোরি ও সিপিইউ খরচ করে, যা ডেভেলপারদের সার্ভার খরচ অনেকটাই কমিয়ে আনবে। বর্তমানে এটি ‘ব্রাউজার রান’ সেবার মাধ্যমে বেটা সংস্করণে বিনা মূল্যে ব্যবহার করা যাচ্ছে। 

ভিন্ন প্রযুক্তির মেলবন্ধন
এই ব্রাউজারটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করার সময় বেশ কিছু আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্লিৎজ-এর মডিউলার রেন্ডারিং ইঞ্জিন, ফায়ারফক্সের সিএসএস পার্সার স্টাইলো এবং রাস্টভিত্তিক ইসিএমএ-স্ক্রিপ্ট ইঞ্জিন বোয়া জেএস। ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, বাজারে নতুন হওয়া সত্ত্বেও কাইটসার্ফ ইতিমধ্যে ২ লাখ ১৫ হাজারের বেশি ওয়েব প্ল্যাটফর্ম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। উইকিপিডিয়া বা হ্যাকার নিউজের মতো জনপ্রিয় সাইটগুলো খুব সহজেই এই ব্রাউজারে ব্যবহার করা যাচ্ছে। ভবিষ্যতে ব্রাউজারটিকে ওপেন সোর্স হিসেবে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। 

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ