ইউরোপ ছাড়ছে ওয়ানপ্লাস, বিদায়ী উপহার চার্জার
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস ইউরোপ ও উত্তর আমেরিকার বাজার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন এসব অঞ্চলে প্রতিষ্ঠানটি বেশ দাপটের সঙ্গেই ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে সাম্প্রতিক ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনার পর এই কঠিন সিদ্ধান্ত এসেছে। ইউরোপের বাজার ছাড়ার খবরটি প্রযুক্তিপ্রেমীদের জন্য কিছুটা হতাশাজনক হলেও বিদায়লগ্নে গ্রাহকদের জন্য একটি উপহারের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি।
ইউরোপের যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, স্পেন ও ফ্রান্সের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একটি ৫০ ওয়াটের 'এয়ারভুক' ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার উপহার দিচ্ছে ওয়ানপ্লাস। তবে এই উপহার পাওয়ার জন্য গ্রাহকদের বিশেষ দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, অপোর জার্মান ওয়েবসাইটে গিয়ে তাদের সংবাদের হালনাগাদ তথ্যের নিবন্ধন বা নিউজলেটারে সাবস্ক্রাইব করতে হবে। দ্বিতীয়ত, ব্যবহারকারীর বিদ্যমান ওয়ানপ্লাস অ্যাকাউন্টটির সঙ্গে অপো অ্যাকাউন্ট যুক্ত করতে হবে।
সীমিত উপহার ও অতিরিক্ত মূল্যছাড়
এই উপহার সবার জন্য উন্মুক্ত নয়। চার দেশ মিলিয়ে সর্বমোট মাত্র পাঁচ হাজার ৬০০টি ওয়্যারলেস চার্জার বরাদ্দ রাখা হয়েছে। কোনো নির্দিষ্ট দেশের জন্য আলাদা কোটা নেই, তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই কারণেই আগ্রহী গ্রাহকদের খুব দ্রুত অপোর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধুমাত্র বিনামূল্যে ওয়্যারলেস চার্জার দিয়েই নিজেদের কার্যক্রম শেষ করছে না অপো। স্মার্টফোন ব্যতীত নিজেদের অন্যান্য পণ্যের ওপর নানা ধরনের মূল্যছাড়ের সুযোগও রাখছে প্রতিষ্ঠানটি। দেশভেদে এই সুযোগ ও ছাড়ের পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে।
মূলত ওয়ানপ্লাসের বিদায়ের পর তাদের গ্রাহকদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয় এবং তাঁরা যেন সহজেই অপোর সেবা গ্রহণ করতে পারেন, সেই পরিবেশ তৈরির লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





