উদ্বোধনের পর গণভবনের লাল টেলিফোনে ডিজিটালি সংরক্ষিত অডিও শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই জাদুঘরে ডিজিটাল অডিও আর্কাইভে শেখ হাসিনার ফোনালাপ

  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর গ্যালারি পরিদর্শনের দৃশ্য
  • গণভবনের ঐতিহাসিক লাল টেলিফোনে প্রযুক্তিভিত্তিক ডিজিটাল অডিও আর্কাইভ সংযুক্ত করা হয়েছে
  • অডিও-ভিডিও নথি ও দলিল সংরক্ষণে স্থাপিত হয়েছে অত্যাধুনিক গবেষণামূলক এই জাদুঘর

জুলাই জাদুঘরে ডিজিটাল অডিও আর্কাইভে শেখ হাসিনার ফোনালাপ
৫ আগষ্ট, ২০২৬ ১৩:৫১  

সদ্য উন্মোচিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের একপর্যায়ে গণভবনের ঐতিহাসিক লাল টেলিফোনে ডিজিটালি সংরক্ষিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা ফোনালাপ শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ আগস্ট, বুধবার  সকালে রাজধানী ঢাকার এই জাদুঘরটির উদ্বোধনের পর বিভিন্ন প্রযুক্তি নির্ভর গ্যালারি পরিদর্শনকালে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এটি শোনেন।

জাদুঘর সূত্র জানায়, সাবেক গণভবনে ব্যবহৃত লাল টেলিফোনটি বর্তমানে জাদুঘরের অন্যতম প্রধান ডিজিটাল আকর্ষণ। ওই টেলিফোনটিতে আন্দোলন ও পূর্ববর্তী বিভিন্ন সময়ের অডিও কথোপকথন প্রযুক্তিগতভাবে ডিজিটাল আর্কাইভে সংযুক্ত করা হয়েছে, যা দর্শনার্থীরাও নির্ধারিত ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে শুনতে পারবেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট আলোকচিত্র, ডিজিটাল দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীসহ নানাবিধ প্রযুক্তিগত উপাদান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিস্তারিত অবহিত করেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অডিও-ভিডিও নথি, ডিজিটাল প্রমাণাদি ও স্মারক আগামী প্রজন্মের গবেষণার জন্য সংরক্ষণ করতেই এই ডিজিটাল আর্কাইভ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। 
//ডিবিটেক/ এনপি/ এসএমই//