প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে উচ্চপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতায় গুরুত্ব সৌদি আরবের
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে সৌদি বিনিয়োগের আগ্রহ
- এআই, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ খাতে বিপুল বিনিয়োগ করতে চায় সৌদি আরব
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে দুই দেশ একমত
- জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বৃহৎ পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ৪ আগস্ট, মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সিদ্ধান্তের কথা জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি।
বৈঠকে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদার, প্রযুক্তি স্থানান্তর, জ্বালানি সহযোগিতা এবং ডিজিটাল রূপান্তরে দ্বিপক্ষীয় অংশীদারত্ব গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে এখন চমৎকার প্রযুক্তিবান্ধব ও ব্যবসা-বান্ধব পরিবেশ বিরাজ করছে। এই ইতিবাচক অর্থনৈতিক পরিবেশকে কাজে লাগিয়ে সৌদি আরব প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি-শিল্পের পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের মূল হাতিয়ার এআই, ডেটা সেন্টার ও ক্লাউড কম্পিউটিং খাতে কৌশলগত বিনিয়োগ বাড়াতে চায়। একইসাথে তিনি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে ও অবকাঠামোগত উন্নয়নে প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ ও কর্মীদের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করেন।
সাক্ষাৎকালে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় সৌদি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ অভিনন্দন জানানো হয়।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক আস্থা ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমান সরকার সৌদির সঙ্গে শুধু প্রথাগত খাত নয়, বরং দীর্ঘমেয়াদি উচ্চপ্রযুক্তি ও স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকল্পে অংশীদারত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে গ্রিন টেকনোলজি ও সৌরবিদ্যুৎ খাতে সৌদি প্রতিষ্ঠানগুলোর আধুনিক প্রযুক্তি ও তহবিল বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে। বৈঠক শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী তা সাদরে গ্রহণ করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ জেএনও/ এমআইএস//





