চিরঘুমে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

চিরঘুমে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান
১৭ এপ্রিল, ২০২৬ ১৪:৪২  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বরত অবস্থায় চির বিদায় নিলেন মাহবুবুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

১৭ এপ্রিল শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার গাছা এলাকায় তাকে দাফন করা হবে।

জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সঙ্গে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, ‘দুই মাসের মতো হলো বাণিজ্য সচিবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।’

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)।

বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিবিটেক/এসএইচ/ইকে