উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

সাভারে প্রস্তুত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সাভারে প্রস্তুত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
৪ আগষ্ট, ২০২৬ ১৪:০১  

উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে প্রস্তুত থাকা 'হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট' দ্রুত চালু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একইসাথে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানকে (নিপসম) মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার মহাখালীর নিপসম অডিটরিয়ামে রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার সবচেয়ে বেশি জোর দিয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার ওপর। তিনি উপজেলা হেলথ কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে দেশের সকল ৩০ ও ৫০ শয্যার উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন।

মাঠপর্যায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত আফসোস প্রকাশ করে বলেন, অতীতে সঠিক বিনিয়োগ না হওয়া, উপযুক্ত জনবল পদায়নে ব্যর্থতা এবং সাপ্লাই-লজিস্টিকসে অবহেলার কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল।

নিপসমের গবেষণার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, কেবল জাতীয় পর্যায়ে নয়, প্রতিদিন সংগৃহীত বিশাল পরিমাণ ডেটা ব্যবহার করে উপজেলা পর্যায় থেকেই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করতে হবে। এই লক্ষ্যে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) জন্য অনলাইনে বা জুমে ডেটা ব্যবহারের কৌশল শেখানোর ওয়ার্কশপ আয়োজনের আহ্বান জানান।

চিকিৎসা খাতে নতুন গবেষক তৈরির তাগিদ দিয়ে মন্ত্রী পাবলিক মেডিক্যাল কলেজগুলোর আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে নিপসমকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রতিভাবান মেডিক্যাল শিক্ষার্থীদের বাছাই করে ৩ থেকে ৬ মাসের মেন্টরিং দেওয়ার প্রস্তাব করেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শুধু ডাক্তার পদায়ন করলেই সমস্যার সমাধান হবে না, প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের সঠিক প্রফেশনাল ম্যানেজমেন্ট ট্রেনিং নিশ্চিত করা জরুরি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই ধরনের দক্ষতা বৃদ্ধির উদ্যোগগুলোকে সরকার অগ্রাধিকার দেবে বলে তিনি জানান।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এমএমআর/এমএসআই//