স্বচ্ছতা ফেরাতে আটটি বিভাগে লটারিভিত্তিক বদলি ও পদায়ন

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

  • সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনে লটারির মাধ্যমে ২৫৪ জন ই/এম উপ-সহকারী প্রকৌশলী বদলি
  • সর্বোচ্চ ১১৯ জন ঢাকা বিভাগে এবং রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় ২৭ জন করে পদায়ন
  • বদলি ও পদায়নে নিরপেক্ষতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি
৩ আগষ্ট, ২০২৬ ১৬:১৩  

৩ আগস্ট, সোমবার: গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) শাখার ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের জন্য এই বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়।

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে সর্বোচ্চ ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৮ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম এই লটারি কার্যক্রম সমন্বয় করেন। লটারিভিত্তিক এই প্রক্রিয়ার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, এটি বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (গণপূর্ত অধিদপ্তর শাখা) সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, “এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ।

এর আগে গত ৩০ জুলাই একই প্রক্রিয়ায় গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) লটারির মাধ্যমে বদলি করা হয়েছিল।

//ডিবিটেক/ এমএএইচ/ এসএমই//