ইউরোপের সুপারমার্কেটগুলোতে ফের সাইবার হামলা: বন্ধ বহু ফ্রিজ

ইউরোপের সুপারমার্কেটগুলোতে ফের সাইবার হামলা: বন্ধ বহু ফ্রিজ
২ নভেম্বর, ২০২৬ ১৭:০৭  

ইউরোপজুড়ে বিভিন্ন সুপারমার্কেটের হিমায়িত খাদ্যপণ্য রাখার কুলিং ও ফ্রিজিং সিস্টেম লক্ষ্য করে এক অভূতপূর্ব সাইবার হামলা চালানো হয়েছে। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন এবং এস্তোনিয়ার শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইনগুলোর শত শত স্টোরে এই প্রযুক্তিনির্ভর সাইবার অপরাধের ঘটনা ঘটে, যার ফলে ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য পচে নষ্ট হয়ে গেছে।

যেভাবে পরিচালনা করা হয় এই সাইবার হামলা
তদন্তকারীদের তথ্যমতে, হ্যাকাররা ইন্টারনেট সংযুক্ত রিমোট কুলিং সিস্টেমের মূল নিয়ন্ত্রণ বা অ্যাকসেস হাতিয়ে নেয়। এর পর তারা ফ্রিজ ও ফ্রিজারগুলোর ‘ইভাপোরেটর’ স্বয়ংক্রিয়ভাবে ডিফ্রস্ট মোডে পরিবর্তন করে দেয় এবং অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তুলে দেয়।

এর ফলে বহু স্টোরে অতিরিক্ত উত্তাপে আগুন লাগার মতো পরিস্থিতি তৈরির পাশাপাশি সংরক্ষণ করা মাংস, দুগ্ধজাত পণ্য এবং প্রক্রিয়াজাত খাবার মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়। বেলজিয়ামের ‘ডেলহাইজে’ ও ‘স্পার’ এবং সুইডেনের ‘আইসিএ’ ও ‘কুপ’ সুপারমার্কেটের বেশ কয়েকটি আউটলেট এই নজিরবিহীন হামলার শিকার হয়েছে।

ইন্টারনেটভিত্তিক স্মার্ট ডিভাইসে নতুন নিরাপত্তা ঝুঁকি
এর আগে গত মাসে ফ্রান্সেও একই ধরনের সাইবার হামলায় শত শত সুপারমার্কেটের কুলিং সিস্টেম অকেজো করে দেওয়া হয়েছিল। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মেকানিক্যাল যন্ত্রগুলোকে ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা বা ‘অপারেশনাল প্রযুক্তি’ ব্যবহার করায় এগুলো সাইবার অপরাধীদের জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এবং সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। 

তবে এই আন্তর্জাতিক সাইবার হামলার নেপথ্যে কোনো নির্দিষ্ট হ্যাকার গোষ্ঠী বা রাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: রয়টার্স