বিশ্বের সবচেয়ে পাতলা বই-ধাঁচের ফোল্ডেবল স্মার্টফোনে এআই ফ্যালকন ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি

দেশে অনারের নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ‘ম্যাজিক ভি৬’

  • অনার বাজারে আনল তাদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’
  • ভাঁজ খোলা অবস্থায় ৪ মিমি ও ভাঁজ করা অবস্থায় ৮.৭৫ মিমি পুরুত্বের অত্যন্ত পাতলা ও হালকা নকশা
  • স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম, ৬,৬৬০ এমএএইচ ব্যাটারি ও আইপি৬৮/আইপি৬৯ রেটিং

দেশে অনারের নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ‘ম্যাজিক ভি৬’
১ আগষ্ট, ২০২৬ ১৩:১৮  

বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি ‘অনার’ (HONOR) বাংলাদেশের বাজারে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’ (Magic V6) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। অত্যন্ত পাতলা, হালকা ও টেকসই ডিজাইনের সাথে আধুনিক এআই (AI) ফিচারের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি ফোল্ডেবল ফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

বাংলাদেশের বাজারে ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২,৪৯,৯৯৯ টাকা। লাল, সাদা ও সোনালি—এই তিনটি নজরকাড়া রঙে ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।

অনার ম্যাজিক ভি৬ বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা বই-ধাঁচের (Book-style) ফোল্ডেবল স্মার্টফোন। ভাঁজ খোলা অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ভাঁজ করা অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। এর মোট ওজন প্রায় ২১৯ গ্রাম।

ভাঁজ করা অবস্থায় সাধারণ অ্যান্ডয়েড ফোনের মতো ব্যবহারের জন্য রয়েছে ৬.৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। আর ভাঁজ খুললে মিলবে ৭.৯৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে।

এসজিএস (SGS) সার্টিফাইড এই ফোনের হিঞ্জ ৫ লাখ বার পর্যন্ত খোলা ও ভাঁজ করার সক্ষমতা রাখে। এছাড়া এটিই প্রথম ফোল্ডেবল ফোন যা পানি ও ধূলিবালি সুরক্ষায় আইপি৬৮ (IP68) ও আইপি৬৯ (IP69) উভয় রেটিংপ্রাপ্ত।

এতে দেওয়া হয়েছে ২০২৬ সালের অত্যন্ত শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ২৫ শতাংশ সিলিকন উপাদানযুক্ত ৬,৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (mAh) সিলিকন-কার্বন ব্যাটারি, যা কম জায়গায় বেশি শক্তি ধারণ করতে সক্ষম। ছবি তোলার জন্য রয়েছে এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স।

এছাড়া, অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে কানেক্টিভিটির বাধা দূর করে এই ফোন থেকে সহজেই ম্যাকবুক বা অন্য ডিভাইসে এক ট্যাপে ফাইল শেয়ারিং এবং ফোনের পর্দাকে দ্বিতীয় স্ক্রিন (Second Screen) হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

১ আগস্ট, শনিবার উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, "আমরা বিশ্বাস করি ফোল্ডেবল ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের নকশা, স্থায়িত্ব বা পারফরম্যান্সের কোনো একটির সাথে আপস করতে হবে না। আমাদের 'অনার আলফা প্ল্যান'-এর অংশ হিসেবে এমন একটি এআইনির্ভর ডিভাইস তৈরি করা হয়েছে যা মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ ও গতিশীল করবে।"
//ডিবিটেক/বিআরবিএ/এমএসআই//