২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০ গুণ জুম নিয়ে অপোর নতুন স্মার্টফোন
স্যামসাং ও শাওমির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে অপো বাজারে এনেছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ক্যামেরা-ফোকাসড স্মার্টফোন ‘ফাইন্ড এক্স৯ আল্ট্রা’। মঙ্গলবার বিশ্ববাজারে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ ফোনটিতে এমন কিছু ক্যামেরা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, যা বর্তমান বাজারের যেকোনো স্মার্টফোনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ক্যামেরা সেটআপ। অপো ফাইন্ড এক্স৯ আল্ট্রা-র প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের বিশাল ১/১.১২ ইঞ্চি সেন্সর। এছাড়া এতে রয়েছে আরও একটি ২০০ মেগাপিক্সেলের ৩ গুণ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের ১০ গুণ অপটিক্যাল জুম লেন্স। বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসেলব্লাড-এর সঙ্গে যৌথভাবে এই ক্যামেরা সিস্টেমটি তৈরি করা হয়েছে। এমনকি পেশাদার ফটোগ্রাফারদের জন্য এতে ‘টেলিকনভার্টার লেন্স’ যুক্ত করার সুবিধাও রাখা হয়েছে, যা অপটিক্যাল জুমকে ১৩ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম।
পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে কোয়ালকমের সর্বশেষ ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ চিপসেট। দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চিয়তা দিতে এতে রয়েছে ৭,০৫০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল সিলিকন-কার্বন ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থন করে। ফোনটির ৬.৮২ ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,৬০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা।
ভিডিওর ক্ষেত্রেও ফোনটি বেশ শক্তিশালী; এটি অপোর প্রথম ফোন যা ৩০ এফপিএস-এ ৮-কে ভিডিও ধারণ করতে পারে। ‘ক্যানিয়ন অরেঞ্জ’ এবং ‘তুন্দ্রা আম্বার’—এই দুই আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে মিলবে।
আগামী ৮ মে যুক্তরাজ্যে ফোনটির বিক্রি শুরু হবে, যার দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৪৯ পাউন্ড বা প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। শীঘ্রই এশিয়া ও ইউরোপের অন্যান্য বাজারেও ফোনটি পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট







