ভারতে হারানো মোবাইল ফোন নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

ভারতে হারানো মোবাইল ফোন নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
৫ মার্চ, ২০২৬ ১১:২২  

ভারতের এক নাগরিকের হারানো স্মার্টফোনসহ মোট ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে প্রকাশ, বিভিন্ন সময়ে মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস দল এসব মোবাইল ফোন উদ্ধার করে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ৪ মার্চ, বুধবার এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানাগেছে, উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলের ফোন রয়েছে। যা ভারতের রাজস্থান প্রদেশের এক নাগরিকের। মোবাইলটি রাজস্থান থেকে হারিয়ে যায়। কিছু দিন পর ফোনের মালিকের জিমেইলে পাওয়া একটি নোটিফিকেশনের মধ্যে তিনি জানতে পারেন এটি নারায়ণগঞ্জে ওপেন হয়েছে। তিনি অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখা ভারতের রাজস্থান প্রদেশের ওই নাগরিকের মোবাইলটি উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, মোবাইলটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এদিন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিটি শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিবিটেক/এসএ/এমইউএম