প্রযুক্তিনির্ভর শিক্ষায় বিপ্লব আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর

৪ পলিটেকনিক ও ৪ ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে

  • ৪টি পলিটেকনিক ও ৪টি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • এআই, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর ও ইভি প্রযুক্তিতে দক্ষ হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
  • ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে গড়ে তোলার উদ্যোগ

৪ পলিটেকনিক ও ৪ ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে
১ আগষ্ট, ২০২৬ ১৬:৪১  

কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনতে দেশে নতুন করে আরও চারটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (১ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত স্মারক সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শুধু প্রচলিত চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবোটিক্স, মেকাট্রনিক্স, ইলেকট্রিক ভেহিকেল (EV), সেমিকন্ডাক্টর এবং সাইবার সিকিউরিটি-সংক্রান্ত উচ্চতর কোর্স সম্পন্ন করতে হবে। তরুণ সমাজকে কেবল চাকরিপ্রার্থী নয়, বরং প্রযুক্তিভিত্তিক জব ক্রিয়েটর বা উদ্ভাবনী উদ্যোক্তা হতে হবে।"

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে চীন-বাংলাদেশ যৌথ সহযোগিতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি ব্যতিক্রমধর্মী ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সংকট দূরীকরণে বিআরটিসির তিনটি স্পেশাল বাস বরাদ্দসহ সব পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক পরিবহন প্রকল্পের আশ্বাস দেন তিনি।

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোঃ আক্কাস আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুমিল্লা সিসিএন পলিটেকনিকের শিক্ষার্থী শহীদ হামিদুর রহমান মজুমদার (সাদমান) এবং কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী শহীদ সামিদ হোসেনের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আহত শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন।

এর আগে সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে গড়ে তোলা হবে, যেন এখান থেকে আগামী দিনের দেশ গড়ার সেরা কারিগর তৈরি হতে পারে।
//ডিবিটেক/এসএই / এমএসআই//