ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও সফট স্কিল চালুর ঘোষণা ইউজিসি চেয়ারম্যানের
সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস ও ওয়াই-ফাই
- দেশের সব বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে ডিজিটাল শ্রেণিকক্ষ, ওয়াই-ফাই ও পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলা হবে
- স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালু এবং শিক্ষার্থীদের জন্য সফট স্কিল উন্নয়ন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত
- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
বিশ্বের যেকোনো প্রান্তের জ্ঞান, উদ্ভাবন ও গবেষণার সঙ্গে দেশীয় শিক্ষার্থীদের সংযুক্ত রাখতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তি সুবিধা নিশ্চিত করা হবে। ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে প্রথমে ‘ডিজিটাল শ্রেণিকক্ষ’ এবং পরবর্তীতে ‘পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস’ গড়ে তোলার রূপরেখা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ শনিবার (১ আগস্ট) কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত সাক্ষরতার ওপর জোর দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, বিশ্বমানের সাথে তাল মেলাতে স্নাতক উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থীর ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাশক্তির (Critical Thinking) মতো সফট স্কিল থাকা আবশ্যক। এ লক্ষ্যে সরকার ও ইউজিসি দ্রুতই দেশব্যাপী ‘সফট স্কিল উন্নয়ন কর্মসূচি’ চালু করতে যাচ্ছে।
উচ্চশিক্ষাকে সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করতে ইউজিসি চেয়ারম্যান আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন নিশ্চিত করতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এই ইন্টার্নশিপ নিশ্চিত করার পাশাপাশি তা আর্থিক সুবিধার (Stipend) আওতায় আনার পরিকল্পনা রয়েছে।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে ড. মামুন আহমেদ বলেন, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং ইসলামি শিক্ষা ও মূল্যবোধের অনন্য সমন্বয় এই প্রতিষ্ঠানকে দেশে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে সীমানাপ্রাচীর নির্মাণে ইউজিসির সহযোগিতা চান। একই সাথে তিনি স্থায়ী স্টেডিয়াম নির্মাণ, সংযোগ সড়ক সংস্কার এবং দ্রুত শিক্ষকসংকট নিরসনে জনবল বরাদ্দের দাবি জানান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এতে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। এ ছাড়া ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোফাজ্জেল হোসেন, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক এতে উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ বিএনও/ এসএমআই//





