২০২৭ সাল থেকে কম খরচে হজ ফ্লাইট চালুর প্রস্তাব ইউএস-বাংলার, নেট ভাড়া ৯৮ হাজার
আগামী ২০২৭ সাল থেকে তুলনামূলক অনেক কম খরচে হজ ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকা নেট ভাড়ার প্রস্তাব করেছে বেসরকারি এই বিমান সংস্থাটি।
আগামী বছর অর্থাৎ, ২০২৭ সাল থেকে তুলনামূলক অনেক কম খরচে হজ ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে দেশের স্বনামধন্য বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি হজযাত্রীদের জন্য জনপ্রতি নেট ভাড়া প্রস্তাব করেছে মাত্র ৯৮ হাজার টাকা।
১৪ জুলাই,মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠি পাঠিয়ে এই আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উল্লেখ করেছে যে, তারা হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে আসন্ন মৌসুমে ফ্লাইট পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত।
তবে প্রস্তাবিত এই ৯৮ হাজার টাকা নেট ভাড়ার সঙ্গে সরকারি ট্যাক্স, চার্জ এবং এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়। এই উদ্যোগের ফলে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের তুলনামূলক অনেক কম খরচে পবিত্র হজ পালনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানায়, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়ার পাশাপাশি তাদের বেসরকারি বিমান সংস্থা 'ফ্লাইনাস'-ও যাত্রী পরিবহন করছে। বর্তমানে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস হজযাত্রী বহন করে থাকে।
মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী বছরের হজের জন্য বিমান ভাড়া ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা প্রস্তাব করেছে। তবে এই চূড়ান্ত ভাড়া এখনো নির্ধারিত হয়নি। উল্লেখ্য, গত মৌসুমে হজ প্যাকেজের একটি বড় অংশ ছিল বিমান ভাড়া, যা ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেই তুলনায় ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া উল্লেখযোগ্যভাবে অনেক কম।
//ডিবিটেক/ডিএমও/এসআই//





