এআই জোয়ারে টিএসএমসির দ্বিতীয় প্রান্তিকের আয় ৩৬% বৃদ্ধি

এআই জোয়ারে টিএসএমসির দ্বিতীয় প্রান্তিকের আয় ৩৬% বৃদ্ধি
১৩ জুলাই, ২০২৬ ১৩:৫১  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক চাহিদার অভূতপূর্ব জোয়ারে ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। সোমবার (১৩ জুলাই) কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের মোট আয় দাঁড়িয়েছে ১.২৭ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার (প্রায় ৩৯.৬৩ বিলিয়ন মার্কিন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

টিএসএমসির এই আয় বাজার বিশ্লেষকদের সব পূর্বাভাস এবং প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এলএসইজি স্মার্টএস্টিমেট অনুযায়ী, ২০ জন বাজার বিশ্লেষকের মতামতের ওপর ভিত্তি করে ধারণা করা হয়েছিল যে—চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কোম্পানিটির আয় হতে পারে সর্বোচ্চ ১.২৬৪ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার। কিন্তু চিপের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশনের তীব্র চাহিদার কারণে প্রকৃত আয় সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেল।

উল্লেখ্য, তাইওয়ানের এই চিপ জায়ান্টটি বিশ্ববাজারের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এবং অ্যাপলের মতো কোম্পানিগুলোর প্রধান চিপ সরবরাহকারী হিসেবে কাজ করে। বিশ্বজুড়ে উন্নত ডেটা সেন্টার এবং এআই ডিভাইসের জন্য প্রসেসরের যে বিপুল চাহিদা তৈরি হয়েছে, তারই সরাসরি সুফল পাচ্ছে টিএসএমসি।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: রয়টার্স