ভর্তুকি মূল্যে পণ্য বিতরণে স্বচ্ছতা আনতে বিশাল ডিজিটাল রূপান্তর; ভুয়া কার্ড চিহ্নিত করে বাদ ৫৯ লাখ নাম

টিসিবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ‘উপকারী’ অ্যাপের উন্মোচন: বাঁচবে ৩৫০ কোটি টাকা

  • ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ অ্যাপ ও এআই মনিটরিং ব্যবস্থার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
  • জাতীয় পরিচয়পত্র ও ডেটা যাচাইয়ের মাধ্যমে ৫৯ লাখ ভুয়া ও অযোগ্য আবেদনকারী তালিকা থেকে বাদ
  • স্মার্ট ব্যবস্থাপনার কারণে চলতি অর্থবছরে সরকারি ভর্তুকি সাশ্রয় হবে আনুমানিক ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা

টিসিবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ‘উপকারী’ অ্যাপের উন্মোচন: বাঁচবে ৩৫০ কোটি টাকা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫০  

ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) বড় ধরনের ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং, স্মার্ট ‘উপকারী’ মোবাইল অ্যাপ ও অল-ইন-ওয়ান পিওএস ব্যবস্থার মাধ্যমে এখন থেকে টিসিবির পণ্য বিতরণ পর্যবেক্ষণ করা হবে।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার টিসিবির সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জানান, বাজারজাতকরণ প্রক্রিয়ায় উৎপাদনকারী থেকে খুচরা পর্যায় পর্যন্ত মূল্যের বড় ব্যবধান তৈরি হওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল এই রূপান্তরের ফলে সঠিক উপকারভোগীর কাছে সাহায্য পৌঁছানোর পাশাপাশি চলতি অর্থবছরেই সরকারের আনুমানিক ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় করা সম্ভব হবে। ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দিয়ে বর্তমানে ৭৯ লাখ প্রকৃত উপকারভোগীর সমন্বয়ে একটি সুরক্ষিত ডিজিটাল ডেটাবেস তৈরি করা হয়েছে।

নতুন চালু হওয়া ‘উপকারী’ মোবাইল অ্যাপটিতে ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর (QR) কোড থাকবে, ফলে কাগজের কার্ড হারিয়ে গেলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেন না। অন্যদিকে অল-ইন-ওয়ান পিওএস ডিভাইসের সাহায্যে তাৎক্ষণিক বিক্রয় রসিদ, বায়োমেট্রিক পরিচয় যাচাই এবং অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে ডিজিটাল লটারি এবং অনলাইন ডিলার ব্যবস্থাপনা কার্যক্রম চালু করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া এআই চালিত প্রযুক্তির মাধ্যমে কোনো এলাকায় পণ্য বিক্রিতে অনিয়ম হলে তা কেন্দ্রীয় মনিটরিং সিস্টেমে সাথে সাথে ধরা পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
//ডিবিটেক/ডিপিও/এসএমই/এমআইএসটি//