এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের আশ্বাস
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ঢাকা জেলা প্রশাসক
এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ বিঘ্নিতের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। তিনি গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানান।
এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে ৬ জুলাই, সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
মিজ ফরিদা খানম বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার প্রতি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
//ডিবিটেক/বিএসএন/এমআই//





