শিবিরের অনুষ্ঠানে লাইভ সম্প্রচারের সময় প্রতারণার শিকার

ঢাবিতে সাংসদ ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফোন চুরি
  • আইডি কার্ডধারী যুবকের প্রতারণা
  • শাহবাগ থানায় জিডি সম্পন্ন

ঢাবিতে সাংসদ ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি
১৮ জুলাই, ২০২৬ ২২:৫২  

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে প্রতারণার শিকার হয়ে মোবাইল ফোন হারিয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান। ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

১৮ জুলাই, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আরমান সাহায্যের অনুরোধ জানিয়ে লিখেছেন, "মোবাইল প্রতারণার শিকার হয়েছি। ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই নিয়ে একটি আয়োজনে আমি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলাম। এমন সময় ওই আয়োজনের আইডি কার্ড পরা এক যুবক এসে বলে, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি সে ফোনসহ উধাও।" তিনি আরও লিখেছেন, "ওই ব্যক্তির কোনও খোঁজ পেলে বা কেউ তাকে চিনতে পারলে ‘সাজ্জাদ হোসাইন (+৮৮০ ১৮৩৯-৬৫২৭২৭) অথবা আব্দুল মালেক (সহকারী) (+৮৮০ ১৪০৭-৭৮৬২৪৭)— এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।"

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, "জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে আরমানের মোবাইল ফোনটি চুরি হয়েছে। ঘটনার পরপরই আরমান আমাকে নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে জিডি করা হয়।" এ বিষয়ে শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার জানান, "মীর আহমেদ বিন কাসেম মোবাইল ফোন চুরির ঘটনায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
//ডিবিটেক/ করেসপন্ডেন্ট/ইডিপি//