ডাটা প্রকাশের স্বাধীনতা ও পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার তাগিদ আমির খসরু মাহমুদ চৌধুরীর

আগারগাঁওয়ে মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) নবস্থাপিত ‘মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মতবিনিময় সভায় তিনি ডাটা প্রকাশের স্বাধীনতা, পেশাদারিত্ব বৃদ্ধি এবং একটি পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার নির্দেশনা দেন।

আগারগাঁওয়ে মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
৫ জুলাই, ২০২৬ ২৩:১৬  
৬ জুলাই, ২০২৬ ১১:১৯  

সরকারি তথ্যের ওপর জনগণের আস্থা বাড়াতে ডাটা প্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার (৫ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে নবস্থাপিত ‘মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব’ আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকার এবং বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ মীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অর্থমন্ত্রী বিবিএসের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। কর্মকর্তাদের ক্যারিয়ারের উন্নতি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে বিবিএসের সাংগঠনিক কাঠামো এবং নিয়োগবিধি হালনাগাদকরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর গবেষণার সুযোগ বৃদ্ধি এবং সকল সরকারি নীতি-নির্ধারণী কাজে সরকারি পরিসংখ্যানের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান। মন্ত্রী দেশে একটি ‘পরিসংখ্যান একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্যও পরিসংখ্যান বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় শেষে মন্ত্রী বিবিএসের প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ল্যাবটি বিবিএসের একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা, যার মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও জরিপসমূহের নাম-পরিচয়বিহীন মাইক্রোডাটা বিশ্লেষণের সুযোগ পাবেন। ল্যাবটি গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য ডাটা। মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব গবেষক ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীরতর বিশ্লেষণের সুযোগ তৈরি করবে। বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা উৎপাদন করে। এই ল্যাবের মাধ্যমে সেই উপাত্ত আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে। ডাটা থেকে জ্ঞান এবং জ্ঞান থেকে উন্নয়ন—এই লক্ষ্যকে সামনে রেখে ল্যাবটি উপাত্ত-ভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য বিবিএসের এই ল্যাবটি একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ডাটার ব্যবহার আরও কার্যকর হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকার মাইক্রোডাটায় প্রবেশাধিকার এবং উত্তরদাতার গোপনীয়তা—এই দুইটি বিষয়কে সমন্বিতভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, টেকসই প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে তৈরি বিবিএসের এই ল্যাবটি নিরাপদ ডাটা ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।

//ডিবিটেক/জেডইউ/এসএমআই//