প্রথমবারের মতো রাজধানীতে তিন দিনের ডিসকাউন্ট উৎসব; দেশি-বিদেশি ব্র্যান্ড, ফ্ল্যাশ সেল ও বিশেষ অফারের ঘোষণা
ডিসেম্বরে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’, ২৫০ ব্র্যান্ডে মিলবে ৭৫% পর্যন্ত ছাড়
- ১০–১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’।
- ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ অফার থাকবে।
- আগামী ১৬ জুলাই পর্যন্ত স্টল বুকিংয়ে বিশেষ ছাড়।
রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন দিনের এ উৎসবে দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। বিভিন্ন পণ্যে মিলবে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
১ জুলাই, বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।
তারা জানান, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে। পাশাপাশি নির্বাচিত পণ্য ও সেবায় বিশেষ অফার, Flash Sale এবং সীমিত সময়ের মূল্যছাড়ের ব্যবস্থাও রাখা হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বিভাগের চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এ উৎসবে অংশ নেবে। একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন দেশের খুচরা বাজারকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ড ও ভোক্তার সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি ডিসকাউন্টভিত্তিক উৎসব আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড নতুন গ্রাহক ও নতুন বাজার তৈরির সুযোগ পাবে।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে জিন্নাত আরা বারী বলেন, এ আয়োজন নারী উদ্যোক্তাদের সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক এবং ব্যবসায়িক অংশীদারদের সামনে নিজেদের ব্র্যান্ড উপস্থাপনের সুযোগ করে দেবে।
আয়োজকেরা আরও জানান, আগামী ১৬ জুলাই পর্যন্ত স্টল বুকিং করলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। রাজধানীর আয়োজন সফল হলে পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরেও একই ধরনের ডিসকাউন্ট ফেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
//ডিবিটেক/এনএন/ইকে//





