২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা; ২,৬৯৭ কেন্দ্রে সিসিটিভি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় মনিটরিং, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থাকবে বডি-ওর্ন ক্যামেরা
এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি, বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে দেশের সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
১ জুলাই, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে এসব ক্যামেরার মাধ্যমে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
মন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার হবে।
তিনি আরও জানান, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ দিনে সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে, যেখানে অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ডিএইচএম/এমআই//





