তদন্তে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ ‘হুবহু নকল’ করেছে ভারত, ক্ষুব্ধ অ্যাপল

তদন্তে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ ‘হুবহু নকল’ করেছে ভারত, ক্ষুব্ধ অ্যাপল
৩০ জুন, ২০২৬ ১৭:২৯  
২৯ জুন, ২০২৬ ১৯:১১  

ভারতের প্রতিযোগিতা কমিশন বা সিসিআই-এর চলমান একচেটিয়া ব্যবসা-বিরোধী (অ্যান্টিট্রাস্ট) তদন্তের প্রতিবেদন নিয়ে তীব্র আপত্তি তুলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ, ভারতীয় তদন্তকারীরা কোনো নিজস্ব বিশ্লেষণ না করেই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর করা অভিযোগ ‘হুবহু নকল’ (কপি-পেস্ট) করে এই প্রতিবেদন তৈরি করেছে। তাই এই তদন্তের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে অ্যাপল। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত ২৫ জুন ভারতীয় নিয়ন্ত্রক সংস্থার কাছে অ্যাপলের জমা দেওয়া একটি গোপন নথির বরাত দিয়ে রয়টার্স জানায়, অ্যাপলের সাথে ভারতের প্রতিযোগিতা কমিশনের বিরোধ এখন চরম রূপ নিয়েছে। এর আগে ২০২৪ সালে সিসিআই-এর তদন্ত দল একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে জানিয়েছিল, অ্যাপল তার আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপ স্টোরের ক্ষমতার অপব্যবহার করছে এবং অ্যাপ নির্মাতাদের ওপর নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহারে বাধ্য করছে।

এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অ্যাপল জানিয়েছে, ভারতের স্মার্টফোন বাজারে তাদের অংশীদারিত্ব মাত্র ৬ শতাংশের নিচে। ফলে তারা এই বাজারের অত্যন্ত ক্ষুদ্র একটি পক্ষ। অ্যাপলের দাবি, ডেটিং অ্যাপ টিন্ডারের মালিকানা প্রতিষ্ঠান ‘ম্যাচ’, ভারতের শীর্ষস্থানীয় পেমেন্ট অ্যাপ ‘ফোনপে’ এবং ‘পেটিএম’-এর মতো প্রতিদ্বন্দ্বীদের দেওয়া বক্তব্য কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই তদন্ত প্রতিবেদনে হুবহু তুলে ধরা হয়েছে। এমনকি ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপলের বিরুদ্ধে যে রায় দিয়েছিল, সেখান থেকে একটি গ্রাফ বা চিত্রও অন্ধভাবে এই প্রতিবেদনে নকল করা হয়েছে।

অ্যাপল সতর্ক করে বলেছে, তাদের সতর্কতার সাথে তৈরি করা অ্যাপ স্টোরে জোরপূর্বক কোনো পরিবর্তন আনা হলে তা তাদের সমন্বিত ব্যবসায়িক মডেলকে ক্ষতিগ্রস্ত করবে। একই সাথে ভারতের ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগের পরিবেশ ব্যাহত হতে পারে।

বর্তমানে চীন থেকে উৎপাদন সরিয়ে ভারতের দিকে নজর বাড়িয়েছে অ্যাপল। ২০২৬ সালের মধ্যে বিশ্বের মোট ২৬ শতাংশ আইফোন ভারতেই তৈরি হওয়ার কথা রয়েছে। এমন সময়ে এই আইনি জটিলতা অ্যাপলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের তদন্ত সংস্থাটি অ্যাপলের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখার অভিযোগ এনেছে। 

ভারতের আইন অনুযায়ী, দোষী প্রমাণিত হলে একটি প্রতিষ্ঠানের বিগত তিন বছরের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে, যা অ্যাপলের জন্য কোটি কোটি ডলারের সমতুল্য হতে পারে। আগামী ২১ জুলাই এই বিষয়ে সব পক্ষকে নিয়ে একটি রুদ্ধদ্বার শুনানির দিন ধার্য করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স