ইন্টারনেট ও স্মার্টফোনের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ; বৈঠকে সমাজের সব স্তরে ডিজিটাল সেবা পৌঁছাতে ইন্টারনেট ও স্মার্টফোনের মূল্য কমানোর আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সাক্ষাৎ
২৯ জুন, ২০২৬ ১১:০৩  

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন (VEON)-এর চেয়ারম্যান অগি ফাবেলা। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়েছে।

২৯ জুন, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দেশে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে ডিজিটাল প্রযুক্তি পৌঁছে যায়। একই সঙ্গে তিনি ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও তাগিদ দেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম; প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ; ভিওন-এর বোর্ড সদস্য মিশেল সোয়েটিং; বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ করেছেন ভিয়নের চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।”

//ডিবিটেক/পিএমও/আইএইচ//