সামাজিক মাধ্যমে তথ্য বিভ্রান্তি মোকাবিলায় যাচাইভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান
অপতথ্যের যুগে অনুসন্ধানী সাংবাদিকতায় জোর তথ্য সচিবের
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে সত্য অনুসন্ধানে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, তথ্য যাচাই, অনুসন্ধানী প্রতিবেদন এবং সংবাদে গভীরতা ফিরিয়ে আনা এখন সময়ের প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে প্রকৃত সত্য উদঘাটনে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
২৮ জুন, রবিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান—সংবাদের পেছনের তথ্য ও বাস্তবতা আরও গভীরভাবে অনুসন্ধান করতে হবে।
বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
বক্তব্যে সচিব মাহবুবা ফারজানা বলেন, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতা আগের তুলনায় কমে গেছে। খবরের ভেতরের খবর, তারও ভেতরের খবর আমরা চাই।”
তথ্য সচিবের ভাষ্য, দ্রুত তথ্যপ্রবাহের এই সময়ে সাংবাদিকতার মূল শক্তি হওয়া উচিত তথ্য যাচাই, বহুমাত্রিক উৎস ব্যবহার এবং প্রেক্ষাপটনির্ভর প্রতিবেদন তৈরি।
সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থভিত্তিক পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যারা এই পেশাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন, তাদের প্রতি রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও সহযোগিতামূলক হওয়া প্রয়োজন।
তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাংবাদিকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তরুণদের সাংবাদিকতা পেশায় আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও প্রমাণনির্ভর সংবাদ পরিবেশনে গুরুত্ব দিতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিয়ে সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কিছু প্রতিবেদনে অপতথ্য ও অসত্য তথ্য উপস্থাপিত হয়েছে বলে তাদের মূল্যায়ন। এ ধরনের ক্ষেত্রে সাংবাদিকদের সংশ্লিষ্ট ডেস্কে এসে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত কোনো সমস্যা থাকলে সরাসরি তার সঙ্গে অথবা সাংবাদিক নেতাদের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।
//ডিবিটেক/বিএন/এমআই//





