গুজব ও সাইবার হামলা ঠেকাতে ইউটিউব-ফেসবুকে নজরদারি, পরীক্ষাকেন্দ্রে ডিজিটাল নিরাপত্তা জোরদার

সিসি ক্যামেরার পর এইচএসসি পরীক্ষায় যুক্ত হচ্ছে বডি অন ক্যামেরা

সিসি ক্যামেরার পর এইচএসসি পরীক্ষায় যুক্ত হচ্ছে বডি অন ক্যামেরা
২৪ জুন, ২০২৬ ১৪:১০  
২৪ জুন, ২০২৬ ১৫:১২  

দাফতরিক কাজের খরচ ও সময় কমিয়ে দেশজুড়ে ভার্চুয়াল পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করেছেন শিক্ষামন্ত্রী। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হওয়া প্রশাসনের ৫১৬ জন কর্মকর্তার মতামত ও পরামর্শ নেওয়া হয়।

বুধবার (২৪ জুন) সচিবালয়ের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সময়মতো ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। সভা পরিচালনা করেন শিক্ষা সচিব আবদুল খালেক।

সভায় নকল প্রতিরোধের পাশাপাশি গুজব, অপপ্রচার ও সাইবার হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষা চলাকালে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা জানান, পরীক্ষার আগে অনলাইনে অপপ্রচার ঠেকাতে জেলা প্রশাসনের সমন্বয়ে সাইবার সুরক্ষা টিম গঠন করা হয়েছে।

এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, ডিজিটাল ডিভাইস শনাক্তে বিশেষ ব্যবস্থা, বডি অন ক্যামেরার ব্যবহার, বিকল্প জ্বালানি ব্যবস্থা এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে।

সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, “নকল রোধের পর এখন সাইবার দুর্বৃত্তপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়। এবার এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় ভিউ বাড়ানোর জন্য কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম প্রশ্ন ফাঁসের মতো তথ্য প্রচার করেছিল, তবে তার প্রমাণ দিতে পারেনি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বিশেষ বিষয় ছাড়া এবারে তিন বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে জানান মন্ত্রী। 

সভাপতির বক্তব্যে মন্ত্রী মহোদয় সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা সম্পন্ন যেভাবে দেশজুড়ে চষে চষে বেড়াচ্ছেন; তেমনি স্থনীয় প্রশাসন প্রধানদের নিজ জেলার প্রত্যন্ত অঞ্চলে নজরদারির নির্দেশনা দেন শিক্ষা সচিব। একইসঙ্গে ঝুঁকির শীর্ষে থাকর মাদরাসা কেন্দ্রগুলোর পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে জিরো টলারেন্স করা হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সচিব মো: দাউদ মিয়া ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এসময় বৈঠকে অংশ নেন।

//ডিবিটেক/এসএইচ/আইএইচ//