ইউএফটিবি-তে জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ২০টি কেন্দ্রের সাথে একযোগে ইউএফটিবি কেন্দ্রেও ৩ এপ্রিল, শুত্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ইউএফটিবি কেন্দ্রে ‘বি’ ইউনিটের জন্য মোট ৩৯১২ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২৫৩০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ১৩৮২ জন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ উপস্থিতির হার ছিল ৬৪.৬৭ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ইউএফটিবি কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।” পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী শিক্ষার্থী এবং গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনসহ সকল সহযোগীদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডিবিটেক/এসআই/এমইউএম







