চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যক্তিগত গাড়ি
জিপিএস ট্র্যাকিংয়ে ৫ ঘণ্টায় উদ্ধার চুরি হওয়া গাড়ি
চট্টগ্রামে পার্কিং থেকে চুরি হওয়া একটি ব্যক্তিগত সেডান গাড়ি জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির সহায়তায় পাঁচ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। রিয়েল-টাইম অবস্থান শনাক্তকরণ এবং পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধার সম্ভব হয়।
চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যক্তিগত সেডান গাড়ি জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির সহায়তায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রিয়েল-টাইম অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার কারণে দ্রুত গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে।
গত শনিবার কক্সবাজারে অবস্থানকালে একটি হোটেলের পরিচালন বিভাগের প্রধান তানভীর হাসান জানতে পারেন, চট্টগ্রামে পার্কিংয়ে রাখা তার ব্যক্তিগত গাড়িটি নির্ধারিত স্থানে নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি গাড়িতে সংযুক্ত জিপিএস ট্র্যাকিং সেবার সহায়তা নেন।
গাড়ির অবস্থান পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটির অপারেশনস টিম গাড়িটির অবস্থান পর্যবেক্ষণ শুরু করে এবং রিয়েল-টাইম লোকেশন তথ্য গাড়ির মালিককে সরবরাহ করে।
পরবর্তীতে গাড়িতে স্থাপিত কারকোপোলো ট্র্যাকিং অ্যাপের ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। জিপিএস ট্র্যাকিং তথ্য অনুসরণ করে চট্টগ্রামের সাগরিকা রোডের দক্ষিণ কাট্টলীর জেলেপাড়া এলাকার রূপালী আবাসিক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। একই দিন বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়।
গাড়ির মালিক তানভীর হাসান বলেন, গাড়িটি চুরি হয়েছে বুঝতে পারার পর সেটি ফিরে পাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে দ্রুত অবস্থান শনাক্তকরণ এবং সংশ্লিষ্টদের সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, জিপিএস-ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চুরি, হারিয়ে যাওয়া বা জরুরি পরিস্থিতিতে রিয়েল-টাইম অবস্থান তথ্য দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়ক হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান রিয়েল-টাইম ট্র্যাকিং, বহর ব্যবস্থাপনা এবং জরুরি সহায়তাসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা প্রদান করছে।
//ডিবিটেক/ইএইচএম/ডিএইচই//





