টাটা ইলেকট্রনিক্সে সাইবার হামলা: অ্যাপল ও টেসলার গোপন ব্যবসায়িক তথ্য ফাঁস
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টাটা ইলেকট্রনিক্স’ সম্প্রতি একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে, হ্যাকাররা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক থেকে বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবং ইলেকট্রনিক গাড়ি নির্মাতা টেসলার অত্যন্ত সংবেদনশীল ও গোপন ‘ট্রেড সিক্রেট’ বা ব্যবসায়িক নকশা ও নথিপত্র চুরি করে ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে।
টাটা ইলেকট্রনিক্স ভারতের তামিলনাড়ুর হোসুরে অ্যাপলের আইফোনের অন্যতম প্রধান যন্ত্রাংশ উৎপাদনকারী ও সংযোজনকারী কারখানা পরিচালনা করে।
কী পরিমাণ তথ্য চুরি হয়েছে?
সাইবার নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, ‘ওয়ার্ল্ড লিকস’ নামক একটি র্যানসমওয়্যার বা সাইবার অপরাধী চক্র এই হামলার দায়িত্ব দাবি করেছে। ডার্ক ওয়েবে তাদের তৈরি ওয়েবসাইটে টাটা ইলেকট্রনিক্সের প্রায় ২ লক্ষেরও বেশি ফাইল প্রকাশ করা হয়েছে, যার মোট আকার প্রায় ৬৩০ গিগাবাইট।
এই ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে:
অ্যাপলের গোপন নথি: আইফোনের সার্কিট বোর্ডের মান নিয়ন্ত্রণ ও গুণগত পরিদর্শন সংক্রান্ত একটি ৫২ পৃষ্ঠার নির্দেশিকা, যার নিচে পরিষ্কারভাবে অ্যাপলের স্বত্বাধিকারী ও গোপনীয়তার সিলমোহর রয়েছে। এছাড়া হোসুর কারখানার নামে ৩৩টি আলাদা ফোল্ডার এবং ‘com.apple.factorydata’ শিরোনামের ডাটাবেজ পাওয়া গেছে।
টেসলার ট্রেড সিক্রেট: টেসলার আপগ্রেড হতে যাওয়া ‘মডেল ওয়াই’ এসইউভি গাড়ির চার্জপোর্ট কন্ট্রোলারের নকশা এবং টেসলার বহুল আলোচিত ‘প্রজেক্ট হাইল্যান্ড’- যা মূলত নতুন মডেল ৩ সেডানের কোডনেম) সংক্রান্ত ২০২৩ সালের কিছু মেকানিক্যাল ড্রয়িং, যেগুলোতে ‘ট্রেড সিক্রেট’ লেখা রয়েছে।
কর্মীদের ব্যক্তিগত তথ্য: ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা গবেষক রাজশেখর রাজাহারিয়া ফাইলগুলো পর্যালোচনা করে জানিয়েছেন, বাণিজ্যিক নকশার পাশাপাশি টাটা ইলেকট্রনিক্সের বহু কর্মকর্তা ও সেখানে কর্মরত বিদেশি নাগরিকদের পাসপোর্টের স্ক্যান কপি, ইমেইল চালাচালি এবং কয়েক বছরের ইন্টারনাল ইভেন্ট লগও ফাঁস হয়েছে।
টাটা ইলেকট্রনিক্স ও অ্যাপলের বক্তব্য
এই ঘটনাটি সামনে আসার পর টাটা ইলেকট্রনিক্স রয়টার্সের কাছে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে যে এই ঘটনার কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। প্রতিষ্ঠানটি জানায়:
"কয়েক সপ্তাহ আগে টাটা ইলেকট্রনিক্স আমাদের কিছু সিস্টেমে একটি সাইবার নিরাপত্তা ঘটনা সনাক্ত করেছিল। আমাদের জরুরি প্রোটোকলগুলো সাথে সাথেই সক্রিয় করা হয়েছে এবং আমাদের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ সচল ও অপ্রভাবিত রয়েছে।"
এদিকে, ঘটনার গভীরতা বিবেচনা করে অ্যাপল এই ডেটা চুরির ঘটনাটি নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং 'ফুল অ্যানালিসিস' শুরু করেছে। সূত্র মারফত জানা গেছে, হ্যাকাররা তথ্যগুলো ফেরত দেওয়ার বা ডিলিট করার বিনিময়ে টাটার কাছে মোটা অঙ্কের মুক্তিপণ বা র্যানসম দাবি করেছে। তবে মুক্তিপণের দাবির বিষয়ে টাটা বা অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বৈশ্বিক সাপ্লাই চেইনের জন্য বড় ধাক্কা
বর্তমানে ভারতে উৎপাদিত মোট আইফোনের প্রায় এক-তৃতীয়াংশ (১/৩ অংশ) টাটা ইলেকট্রনিক্স তৈরি করে থাকে, আর বাকি অংশ তৈরি করে ফক্সকন। চীনের বাইরে ভারতকে একটি বিশ্বমানের ইলেকট্রনিক্স উৎপাদন হাব হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, তার অন্যতম প্রধান অংশীদার টাটা।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাপ্লাই চেইনের ভেতরের লিংকে সাইবার হামলা প্রমাণ করে যে বড় বড় ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব নিরাপত্তা জোরদার করলেও, তাদের অংশীদার বা ভেন্ডরদের মাধ্যমে অত্যন্ত গোপনীয় ইন্টেলিজেন্ট প্রোপার্টি বা মেধা সম্পত্তি সহজেই হুমকির মুখে পড়তে পারে। এর আগে গত বছর টাটা গ্রুপের ব্রিটিশ অটোমোবাইল শাখা 'জাগুয়ার ল্যান্ড রোভার'-ও একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল, যার কারণে তাদের উৎপাদন প্রায় ৬ সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





