বিনামূল্যেউন্মুক্ত হলো চ্যাটজিপিটি-৫

বিনামূল্যেউন্মুক্ত হলো চ্যাটজিপিটি-৫
৮ আগষ্ট, ২০২৫ ১৩:১৮  
৮ আগষ্ট, ২০২৫ ২৩:২২  

আগেই রিজ়নিং মডেল ও৩-এর পরিবর্তে নতুন জিপিটি-৫ মডেল আনার কথা জানানো হয়েছিল। এবার বিশ্বের সকল ব্যবহারকারীর জন্য বিনামূল্যে নিজেদের সবচেয়ে উন্নত সংস্করণ চ্যাটজিপিটি-৫ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করলো ওপেনএআই। সূত্রবলছে, জিপিটি৫ মডেলটিতে ভয়েস চ্যাট, ক্যানভাস, সার্চ, গভীর গবেষণা এবং আরও অনেক ফিচার থাকছে। 

৮ আগস্ট, শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে প্রকাশ ৭ আগস্ট, বৃহস্পতিবার এই চ্যাটজিপিটি-৫ প্রকাশ করেন ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি-৫ এআই টুল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে। প্রতি সপ্তাহে প্রায় ৭০ কোটি মানুষ তা ব্যবহার করে। ওপেনএআই চ্যাটজিপিটি৫-এর স্ট্যান্ডার্ড বুদ্ধিমত্তা সেটিংস-এ অবাধ চ্যাট অ্যাকসেস প্রদান করবে। তবে চ্যাটবটটি অপব্যবহারের বিষয়ে কিছু সীমা নির্ধারিত থাকবে। চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা জিপিটি৫-এর উচ্চ বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন। জটিলতা বাদ দিয়ে সরল ভাবে তা ব্যবহারের উপযোগী করে তোলাই তাদের লক্ষ্য বলেও জানিয়েছেন অল্টম্যান।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, নতুন মডেলটি আরও স্মার্ট, দ্রুত এবং বহুমুখী দক্ষতায় ভরপুর। তার ভাষায়, ‘এটি যেন সত্যিকারের একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার মতো অভিজ্ঞতা দেয়।’

যদিও এটি এখনও মানুষের মতো চিন্তা করতে সক্ষম নয়, অল্টম্যান মনে করেন, এটি সেই লক্ষ্যের দিকে এক বড় ধাপ। বর্তমানে সপ্তাহে প্রায় ৭০০ মিলিয়ন মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন বলে প্রতিষ্ঠানটি এক সংবাদ সম্মেলনে জানায়।

তিনি স্পষ্ট করে বলেন, এটি এমন একটি মডেল নয় যা ব্যবহার চলাকালে নতুন তথ্য থেকে ক্রমাগত শিখে—যা তার মতে, প্রকৃত কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) অর্জনের জন্য জরুরি। তবুও এর সক্ষমতাকে তিনি ‘বিরাট অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগের সূচনা হয়েছে, যা মানুষের জীবনযাপন ও কাজের ধরন পাল্টে দেবে। 

মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক অভ্যন্তরীণ বার্তায় লিখেছেন, ‘এআই উন্নয়নের গতি ত্বরান্বিত হওয়ায় সুপারইনটেলিজেন্স এখন দিগন্তে দৃশ্যমান। আমি বিশ্বাস করি, এটি মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা হবে।’

অল্টম্যান আরও জানান, এজিআই অর্জনের পথে এখনও ‘অগণিত সম্ভাব্য অগ্রগতি’ বাকি রয়েছে এবং এ জন্য বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তিতে বিনিয়োগ চালিয়ে যাবে ওপেনএআই।

প্রযুক্তি জায়ান্ট আমাজন, গুগল, মেটা, মাইক্রোসফট এবং ইলন মাস্কের এক্সএআই—সবাইই ২০২২ সালের শেষ দিকে প্রথম চ্যাটজিপিটি চালুর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চলতি বছরের শুরুতে চীনা স্টার্টআপ ডিপসিক সাশ্রয়ী চিপ ব্যবহার করে শক্তিশালী একটি মডেল উন্মোচন করে এআই খাতে চমক সৃষ্টি করে।