যবিপ্রবিতে কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তাদের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে "এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। কর্মশালায় আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা ও দাপ্তরিক শিষ্টাচার নিয়ে আলোচনা করা হয়।

যবিপ্রবিতে কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৭ জুন, ২০২৬ ১৮:১২  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে “এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন, বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এই কর্মশালার আনুষ্ঠানিকতা শুরু হয়। কর্মকর্তাদের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। তিনি তার বক্তব্যে বলেন, "এ ধরনের কর্মশালা কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কর্মকর্তাবৃন্দ আধুনিক অফিস ম্যানেজমেন্ট ও অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করবেন।" তিনি আরও যোগ করেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভর করে। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দাপ্তরিক কাজে আরও দক্ষ, স্বচ্ছ এবং দায়িত্বশীল হতে বিশেষভাবে সাহায্য করবে।"

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন। কর্মশালায় বক্তারা আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং দাপ্তরিক শিষ্ঠাচারসহ প্রশাসনিক উৎকর্ষ সাধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের পদস্থ কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

//ডিবিটেক/এনএইচ/ইকে//