ছাত্রাবাসে থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছাত্রাবাসে থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১১ জানুয়ারি, ২০২৫ ১৫:২০  

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের ওই শিক্ষার্থীর নিজ কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

বোয়ালিয়া থানার ওসি বলেছেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেলের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিহতের বিষয়ে রুয়েট শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, মুহিব ভাই আমার স্কুলের বড় ভাই। উনি আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ। কিন্তু কেন আত্মহত্যা করলো আমরা জানি না। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইয়ের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে।

জানা গেছে, মেহেদী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরে।

রুয়েট ডাইরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা মেহেদীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের খবর পেয়ে রাত ১২টার দিকে আমি এবেলা ছাত্রাবাসে যাই। মেহেদী ওই ছাত্রাবাসের ৯ তলায় ৯২৩ নম্বর রুমে থাকতেন। পরে সেখানে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। প্রাথমিক অবস্থায় পুলিশের ধারণা করছে মেহেদী আত্মহত্যা করেছেন সন্ধ্যা ৬টার দিকে।